নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ প্রিন্ট ২৭ বার পঠিত
সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মো. হোসাইন শরীফের নেতৃত্বে একটি বিশেষ টিম এ জিজ্ঞাসাবাদ করছে।
জিজ্ঞাসাবাদ করা তিন কর্মকর্তা হলেন প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা তালুকদার, জেনারেল ম্যানেজার এ.ডি.এম নাজমুল ইসলাম এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মিজানুর রহমান। গত ৩ আগস্ট তাদের দুদকে হাজির হতে তলব করা হয়েছিল।
দুদক সূত্রে জানা গেছে, এইচ বি এম ইকবাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এসব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ১২ অক্টোবর ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচ বি এম ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। একই ঘটনায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ায় তার স্ত্রী ও আরেক সন্তানের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।
পরে ২০২৫ সালের ২৫ নভেম্বর প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ ২০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
Posted ০৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com