নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ আদায়ের অভিযোগে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি হবে আগামীকাল মঙ্গলবার।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।
এর আগে বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সার্ভিস চার্জ নির্ধারণ, গ্রাহক সুরক্ষা এবং জবাবদিহি নিশ্চিত করতে স্বতন্ত্র আইন প্রণয়ন করা হবে না, তাও জানতে চাওয়া হয়।
বিশেষ করে দেশের দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসংগত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার বিষয়টি রিটে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর আগে এ রুল জারি করেন। রুলে অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।
রিটে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং সেবা দেশের বিপুলসংখ্যক মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ এবং প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা ব্যক্তিরা এসব সেবার ওপর নির্ভরশীল। এ অবস্থায় অতিরিক্ত ও অযৌক্তিক সার্ভিস চার্জ সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে।
রুলের শুনানিতে সার্ভিস চার্জের যৌক্তিকতা, তা নির্ধারণে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় বিদ্যমান আইনি কাঠামোর পর্যাপ্ততা নিয়ে আলোচনা হতে পারে। মঙ্গলবারের শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ও পরবর্তী নির্দেশনার দিকে সংশ্লিষ্ট মহলের নজর থাকবে।
Posted ০৭:৪০ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন