অনলাইন ডেস্ক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন দর সোমবার রাত ৮টা থেকে কার্যকর হবে। তবে বাজারে বিইআরসি ঘোষিত দামে গত মাস থেকেই এলপিজি পাওয়া যাচ্ছে না। অক্টোবর মাসে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও খোদ রাজধানীতেই তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত সেপ্টেম্বরে যানবাহনে ব্যবহৃত এ জ্বালানির দাম ছিল প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা। পাশাপাশি বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (অপারেটরের প্ল্যান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ) ১২ কেজি সিলিন্ডারে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এলপিজির বাজারে অস্থিরতা চলছে। আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ার পর আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এতে ১ হাজার ৫৮৫ টাকার একটি সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে থাকে।
Posted ০৭:৫২ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন