নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৫৩ বার পঠিত
বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ ও সংক্ষিপ্ত করতে ভিসার বিভিন্ন ক্যাটাগরিতে বড় ধরনের পরিবর্তন আনছে ভারত। নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ করা হচ্ছে। পাশাপাশি মেডিকেল, শিক্ষার্থী ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম। আগামী ডিসেম্বরের মধ্যে এসব পরিবর্তন কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির ভিসার মূল ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হচ্ছে। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি ক্যাটাগরির আওতায় এনে আবেদনকারীদের জন্য ভিসা নির্বাচন সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম দফায় ভারতের ভিসার মূল ক্যাটাগরি ২২টি থেকে কমিয়ে ১৩টি করা হয়েছিল। তখন উপক্যাটাগরির সংখ্যা ৬৩ থেকে কমিয়ে ৪৯ করা হয়। গত ২৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও এক দফা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
ট্যুরিস্ট ভিসা হচ্ছে ভিজিটর ভিসা:
নতুন নিয়মে প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘ভিজিটর ভিসা’। আগে এ ভিসা মূলত পর্যটনের জন্য ব্যবহৃত হলেও নতুন ব্যবস্থায় ভ্রমণের আরও কিছু উদ্দেশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিজিটর ভিসাকে ঠ-১ ও ঠ-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভ্রমণের উদ্দেশ্য ও সময় অনুযায়ী আবেদনকারীরা উপযুক্ত ক্যাটাগরি বেছে নিতে পারবেন।
মেডিকেল ভিসায় পৃথক ব্যবস্থা:
চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও নতুন ব্যবস্থা চালু হচ্ছে। প্রচলিত চিকিৎসাপদ্ধতি এবং আয়ুর্বেদসহ আয়ুষ চিকিৎসার জন্য আলাদা ভিসা রাখা হয়েছে।
নতুন নিয়মে গ-১ ভিসার আওতায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে। আর আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য দেওয়া হবে গ-৩ ভিসা। উভয় ধরনের ভিসা সাধারণত এক বছরের জন্য দেওয়া হবে এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন ক্যাটাগরি:
শিক্ষার্থী ভিসার ক্ষেত্রেও উপক্যাটাগরি কমিয়ে দুটি করা হয়েছে। ঝ-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
অন্যদিকে, ঝ-২ ভিসা দেওয়া হবে পিএইচডি ও গবেষণার শিক্ষার্থীদের। এ ছাড়া ভারতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত অতিথি শিক্ষক, গবেষণার কাজে ভারতে যাওয়া বিদেশি শিক্ষার্থী, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক গবেষণা দলের সদস্য এবং ইন্টার্নশিপ ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরাও এ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।
ব্যবসায়িক ভিসায় দুই উপক্যাটাগরি:
ব্যবসায়িক ভিসাকে ই-১ ও ই-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ই-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অন্যদিকে, স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য দেওয়া হবে ই-২ ভিসা। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজ অন্তর্ভুক্ত থাকবে।
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা:
বর্তমানে ভারতের ই-ভিসা ব্যবস্থা ১৭২টি দেশের নাগরিকদের জন্য চালু রয়েছে। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) পদ্ধতির মাধ্যমে এ ভিসা দেওয়া হয়। নতুন নিয়ম কার্যকরের প্রস্তুতির অংশ হিসেবে ই-ভিসা ব্যবস্থাতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।
ভারত সরকারের আশা, ভিসার ক্যাটাগরি ও উপক্যাটাগরি কমানোর ফলে বিদেশি নাগরিকদের আবেদনপ্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিক ভিসা নির্বাচন করতে পারবেন।
Posted ০৭:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন