নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কৃষি ও পল্লি ঋণ বিতরণ বেড়েছে ২৭ দশমিক ৬৫ শতাংশ। তবে একই সময়ে কৃষি খাতে ঋণের স্থিতি ও আদায়যোগ্য ঋণের পরিমাণও বেড়েছে। অন্যদিকে, গত বছরের একই সময়ের তুলনায় মেয়াদোত্তীর্ণ ঋণ কমেছে ৩ শতাংশ এবং খেলাপি ঋণ কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫৮টি ব্যাংকের মাধ্যমে কৃষি ও পল্লি খাতে মোট ১০ হাজার ৮৩৬ কোটি ৯৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল ৮ হাজার ৪৮৯ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে ২ হাজার ৩৪৭ কোটি ৫০ লাখ টাকা বা ২৭ দশমিক ৬৫ শতাংশ।
চলতি অর্থবছরে কৃষি ও পল্লি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। প্রথম তিন মাসে এ লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ০৬ শতাংশ বিতরণ হয়েছে।
ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, কৃষি ও পল্লি খাতে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। মোট বিতরণের ৩৮ দশমিক ২৪ শতাংশ এসেছে এ শ্রেণির ব্যাংক থেকে। বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে ২৯ দশমিক ৬৭ শতাংশ, ইসলামী ব্যাংকগুলো ১৭ দশমিক ৬৭ শতাংশ, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ৯ দশমিক ৭৩ শতাংশ এবং বিদেশি ব্যাংকগুলো ৪ দশমিক ৬৯ শতাংশ।
তবে লক্ষ্যমাত্রা অর্জনের দিক থেকে এগিয়ে রয়েছে বিশেষায়িত ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে এ শ্রেণির ব্যাংকগুলো তাদের লক্ষ্যমাত্রার ২৩ দশমিক ৭৩ শতাংশ ঋণ বিতরণ করেছে। বিদেশি ব্যাংকগুলো ১৯ দশমিক ৭৪ শতাংশ, ইসলামী ব্যাংকগুলো ১৯ দশমিক ৩০ শতাংশ, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ১৫ দশমিক ৩৪ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ১৫ দশমিক ১৯ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, কৃষি ও পল্লি ঋণের সবচেয়ে বড় অংশ গেছে ফসল উৎপাদনে। সেপ্টেম্বর পর্যন্ত মোট বিতরণের ৪৬ দশমিক ৭৮ শতাংশ বা ৫ হাজার ৬৯ কোটি ৯৮ লাখ টাকা এ খাতে দেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ দশমিক ০২ শতাংশ বা ৩ হাজার ২৫৩ কোটি ১ লাখ টাকা বিতরণ হয়েছে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে।
এ ছাড়া মৎস্য খাতে ১ হাজার ৩৮৮ কোটি ৩৪ লাখ টাকা বা ১২ দশমিক ৮১ শতাংশ এবং অকৃষি পল্লি খাতে ১ হাজার ৩ কোটি ১ লাখ টাকা বা ৯ দশমিক ২৬ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। সেচ ও কৃষি সরঞ্জাম খাতে বিতরণ হয়েছে ৯১ কোটি ৫ লাখ টাকা। শস্য সংরক্ষণ ও বিপণন খাতে দেওয়া হয়েছে ৩১ কোটি ৫৮ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কৃষি ও পল্লি ঋণের ৫৫ শতাংশ ফসল উৎপাদন, ১৩ শতাংশ মৎস্য, ২০ শতাংশ গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, ২ শতাংশ সেচ ও কৃষি সরঞ্জাম এবং বাকি ১০ শতাংশ অকৃষি পল্লি উৎপাদন ও আয়বর্ধক কর্মকাণ্ডে বিতরণের কথা।
ঋণ বিতরণের পাশাপাশি কৃষি খাতে ঋণের স্থিতিও বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে এ খাতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬৩ হাজার ৭২২ কোটি ৪৬ লাখ টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৯ হাজার ৫০০ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে এক বছরে ঋণের স্থিতি বেড়েছে ৭ দশমিক ১০ শতাংশ।
একই সময়ে আদায়যোগ্য ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৩৮ কোটি ৭৬ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ৩৪ হাজার ২৫৭ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ এক বছরে আদায়যোগ্য ঋণ বেড়েছে ৭ দশমিক ৮৩ শতাংশ।
তবে ঋণ আদায়ের ক্ষেত্রেও প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের সেপ্টেম্বরে কৃষি খাতে মোট ১২ হাজার ১৭৬ কোটি ৫৯ লাখ টাকা ঋণ আদায় হয়েছে। গত বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ১০ হাজার ৫৪৪ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরে ঋণ আদায় বেড়েছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।
অন্যদিকে, কৃষি খাতে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ কমেছে। গত সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৪৫৫ কোটি ৮৩ লাখ টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২২ হাজার ১২০ কোটি ৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে মেয়াদোত্তীর্ণ ঋণ কমেছে ৩ শতাংশ।
ব্যাংকভিত্তিক হিসাবে বিশেষায়িত ব্যাংকগুলোতে মেয়াদোত্তীর্ণ ঋণ কমেছে ৭ দশমিক ৮০ শতাংশ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে কমেছে ১৮ দশমিক ২০ শতাংশ। তবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ ঋণ বেড়েছে ৪ দশমিক ৫৬ শতাংশ। ইসলামী ব্যাংকগুলোতে বেড়েছে ৯৭ দশমিক ১৩ শতাংশ। বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোতে গত বছরের সেপ্টেম্বরের মতো এবারও কোনো মেয়াদোত্তীর্ণ ঋণ ছিল না।
কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণও কমেছে। গত সেপ্টেম্বর শেষে শ্রেণীকৃত বা খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১ কোটি ৭৪ লাখ টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯ হাজার ৫৬২ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরে খেলাপি ঋণ কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।
বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমেছে ১২ দশমিক ২৫ শতাংশ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে কমেছে ২ দশমিক ৪৮ শতাংশ। বিপরীতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ৫ দশমিক ৩৯ শতাংশ। ইসলামী ব্যাংকগুলোতে এ ঋণ বেড়েছে ৮০ দশমিক ৮০ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোতে কোনো খেলাপি ঋণ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Posted ০৮:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন