নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬ প্রিন্ট ২২ বার পঠিত
বাংলা কিউআর (Bangla QR) কোডের ব্যবহার দেশের ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
তিনি বলেন, নগদ অর্থ বহনের প্রয়োজন কমানোর পাশাপাশি জাল ও ছেঁড়া নোটের ভোগান্তিও কমাবে এই ব্যবস্থা। একই সঙ্গে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করবে বাংলা কিউআর।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বাংলা কিউআর রিলস মেকিং’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, গত ১ জুলাই থেকে দেশের লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে গ্রাহকরা একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করে সহজে অর্থ পরিশোধ করতে পারবেন। এতে লেনদেনের গতি যেমন বাড়বে, তেমনি নিরাপত্তাও নিশ্চিত হবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক লেনদেনে আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশও বাংলা কিউআরের মাধ্যমে সেই পথে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে দেশের লেনদেন ব্যবস্থায় আরও আধুনিক প্রযুক্তি যুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মো. মোস্তাকুর রহমান জানান, সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানকে গ্রাহকদের জন্য বাংলা কিউআরের ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগ সফল হলে ডিজিটাল লেনদেন আরও বিস্তৃত হবে এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে এর ব্যবহার জনপ্রিয় করতে রিলস মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নির্বাচিত ১০ জন বিজয়ীকে অনুষ্ঠানে পুরস্কৃত করেন গভর্নর।
Posted ০৮:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com