নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৯ বার পঠিত
বীমাদাবির অর্থ পরিশোধের ক্ষেত্রে গ্রাহককে নতুন বীমা পলিসি কিনতে বাধ্য করা কিংবা পরিশোধযোগ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম সমন্বয়ের প্রবণতা বন্ধে নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে বীমাদাবির অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ এবং গ্রাহকের অনুকূলে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা সার্কুলার-১৫/২০২৬-এ এসব নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারটি জীবন বীমা কোম্পানিগুলোর মেয়াদপূর্তির বীমাদাবি, মৃত্যুদাবি ও সারভাইভাল বেনিফিট বা নির্দিষ্ট সময় পরপর প্রাপ্য সুবিধা পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনার সঙ্গে সম্পর্কিত।
আইডিআরএর সার্কুলারে বলা হয়েছে, কিছু জীবন বীমা কোম্পানি মেয়াদপূর্তির বীমাদাবি, মৃত্যুদাবি এবং সারভাইভাল বেনিফিট পরিশোধের ক্ষেত্রে বীমাগ্রহীতা বা নমিনিকে একই কোম্পানির নতুন পলিসি কেনার শর্ত দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আগের পলিসির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম বাবদ অর্থ কেটে বা সমন্বয় করে অবশিষ্ট অর্থ পরিশোধ করা হচ্ছে।
কর্তৃপক্ষের পর্যবেক্ষণে, এ ধরনের কার্যক্রম বীমাগ্রহীতার অসন্তুষ্টি সৃষ্টি করছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এতে বীমা খাতের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
৯০ দিনের মধ্যে বীমাদাবি পরিশোধের নির্দেশ
সার্কুলারে বিদ্যমান আইনি কাঠামোর কথা উল্লেখ করে বলা হয়েছে, বীমাদাবির সম্পূর্ণ অর্থ বীমাগ্রহীতা বা নমিনিকে ৯০ দিনের মধ্যে পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। বীমাদাবির অর্থ পরিশোধের ক্ষেত্রে নতুন পলিসি কেনা বা নতুন পলিসির প্রিমিয়ামের সঙ্গে আগের পলিসির প্রাপ্য অর্থ সমন্বয়ের মাধ্যমে অর্থ গ্রহণে বাধ্য করার সুযোগ নেই বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে। এ ধরনের কার্যক্রম বীমাগ্রহীতার অসন্তুষ্টি তৈরি করছে এবং বীমা খাতের স্বার্থের পরিপন্থী বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করতে হবে
বীমাদাবির অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রাপ্য অর্থ বীমাগ্রহীতা বা নমিনির অনুকূলে ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তরের নির্দেশ দিয়েছে আইডিআরএ। এ ক্ষেত্রে প্রযোজ্য সরকারি রাজস্ব ব্যতীত অন্য কোনো অর্থ কর্তন করা যাবে না বলে সার্কুলারে উল্লেখ রয়েছে।
মেয়াদপূর্তির দাবিতে নতুন পলিসি ইস্যুতে বিধিনিষেধ
মেয়াদপূর্তির বীমাদাবি পরিশোধের ক্ষেত্রে নতুন পলিসি ইস্যু করার বিষয়ে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক বিধিনিষেধও দেওয়া হয়েছে। সার্কুলার অনুযায়ী, মেয়াদপূর্তির বীমাদাবির অর্থ ৯০ দিনের পরবর্তী ৩০ দিনের মধ্যে পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমা কোম্পানি নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।
অন্যদিকে, মেয়াদপূর্তির বীমাদাবির অর্থ ১২০ দিন বা তার বেশি সময় পর পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে একই বীমা কোম্পানি সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।
তবে মেয়াদপূর্তির বীমাদাবির অর্থ ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করা হলে, সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে নতুন পলিসি ইস্যুতে এ ধরনের বাধা থাকবে না।
কার্যকর হবে অনতিবিলম্বে
আইডিআরএর সার্কুলারে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। বীমা খাতসংশ্লিষ্টদের মতে, নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়িত হলে বীমাদাবির অর্থ পাওয়ার সময় গ্রাহকের ওপর নতুন পলিসি কেনার চাপ কমানোর পাশাপাশি দাবি নিষ্পত্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে সহায়ক হতে পারে। তবে নির্দেশনার বাস্তব প্রয়োগ ও কোম্পানিগুলোর পরিপালন পরিস্থিতিই এর কার্যকারিতা নির্ধারণ করবে।
আইডিআরএর সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংখ্যক লাইফ বীমাকারী বীমাগ্রহীতাগণের মেয়াদোত্তীর্ণ বীমাদাবি, মৃত্যুদাবি এবং প্রত্যর্পন সুবিধা প্রদানের ক্ষেত্রে বীমাগ্রহীতা / নমিনিকে একই বীমাকারীর নতুন পলিসি ক্রয় করার শর্ত আরোপ করছে বা এরূপ করতে বাধ্য করছে এবং কোন কোন ক্ষেত্রে পূর্বের পলিসির প্রাপ্য অর্থ হতে নতুন পলিসির প্রিমিয়াম বাবদ অর্থ কর্তন/সমন্বয়পূর্বক অবশিষ্ট অর্থ বীমাগ্রহীতা / নমিনিকে প্রদান করা হচ্ছে।
২। বিদ্যমান আইনী কাঠামো অনুযায়ী বীমাদাবির সম্পূর্ণ অর্থ বীমাগ্রহীতা/ নমিনিকে ৯০ (নব্বই) দিনের মধ্যে পুরোপুরি পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে । বীমাগ্রহীতাকে বীমাদাবী প্রদানের ক্ষেত্রে নতুন কোন পলিসি ক্রয় বা নতুন পলিসির প্রিমিয়াম বীমাদাবীর প্রাপ্য অর্থ সমন্বয় করার মাধ্যমে গ্রহণের কোন সুযোগ নেই এবং এরূপ কার্যক্রম আইনের লঙ্ঘন। বীমাকারীর এহেন কার্যক্রম বীমাগ্রাহকের অসন্তুষ্টি সৃষ্টি ও স্বার্থহানি করছে এবং তা বীমা শিল্পের ক্ষতিসাধন করছে।
৩। বর্ণিতবস্থায়,লাইফ বীমাদাবী পরিশোধের ক্ষেত্রে বীমাকারীকে নিম্নবর্নিত পদ্ধতি অনুসরণ করতে হবে:
(ক) কোন বীমাদাবি প্রদানকালে প্রাপ্য সমুদয় অর্থ বীমাগ্রহীতা/ নমিনির অনুকূলে ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে প্রযোজ্য সরকারি রাজস্ব ব্যতীত অন্য কোনো অর্থ বা ফি কর্তন করা যাবে না;
(খ) মেয়াদোত্তীর্ণ বীমাদাবি প্রদানের ক্ষেত্রে (অ) মেয়াদোত্তীর্ণ বীমাদাবীর প্রাপ্য অর্থ আইন মোতাবেক ৯০ (নব্বই) দিন সময়ের পর পরবর্তী ৩০ (ত্রিশ) দিন সময়ের মধ্যে পরিশোধ করা হলে পরিশোধের সর্বশেষ তারিখ হতে পরবর্তী ৩০ দিন সময়কালের মধ্যে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না;
(আ) মেয়াদোত্তীর্ণ বীমাদাবীর অর্থ ১২০ দিন বা এর অধিক সময়ের পরে পরিশোধ করলে তা পরিশোধের সর্বশেষ তারিখ হতে পরবর্তী ১৮০ দিন সময়কালের মধ্যে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না;
৪। মেয়াদোত্তীর্ণ বীমাদাবীর প্রাপ্য অর্থ আইন মোতাবেক ৯০ দিন সময়ের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে কোন বাধা থাকবে না।
আইডিআরএ’র এ সার্কুলারের প্রশংসা করে বিআইএ’র সাবেক প্রেসিডেন্ট ও মেঘনা লাইফ ইন্সুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ( পাভেল) বলেন, “লাইফ বীমা খাতের জন্য এই সার্কুলার আইডিআরএ’র যুগান্তকারী একটি পদক্ষেপ। দাবির অর্থ সমন্বয় করে নতুন পলিসি করার কারণে অনেক পলিসি তামাদি হয়ে যেত। গ্রাহক প্রায়শই হয়রানির শিকার হতো। বীমার উপর গ্রাহকদের নেতিবাচক ধারণা সৃষ্টি হতো।
এই সার্কুলার এই সকল সমস্যা নিরসন করবে ও দীর্ঘমেয়াদে বীমা খাতের জন্য সুফল বয়ে আনবে।”
Posted ০৭:২১ অপরাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন