বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
মুনাফায়ও বড় ধাক্কা

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিগারেট বিক্রি কমেছে প্রায় হাজার কোটি টাকা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   প্রিন্ট   ৩০ বার পঠিত

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিগারেট বিক্রি কমেছে প্রায় হাজার কোটি টাকা

দেশের অন্যতম বৃহৎ বহুজাতিক তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সিগারেট বিক্রিতে বড় ধরনের পতন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির বিক্রি কমেছে প্রায় ৮৭২ কোটি টাকা, যা শতকরা হিসাবে ৯ শতাংশের বেশি। বিক্রি কমার প্রভাব পড়েছে মুনাফাতেও; একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে প্রায় ৩৪ শতাংশ।

কোম্পানির সর্বশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৮ হাজার ৭২৫ কোটি টাকার সিগারেট বিক্রি করেছে। গত বছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ৯ হাজার ৫৯৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় হাজার কোটি টাকার সিগারেট বিক্রি কমেছে।

বিক্রি কমার পাশাপাশি বেড়েছে পরিচালন ব্যয়ও। ফলে কোম্পানিটির মুনাফা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২০১ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩১৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরে মুনাফা কমেছে প্রায় ১০৮ কোটি টাকা।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে সিগারেটের ওপর উচ্চ কর, মূল্যবৃদ্ধি এবং বাজারে ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে বিক্রিতে প্রভাব পড়েছে। একই সঙ্গে উৎপাদন ও বিপণন ব্যয় বাড়ায় কোম্পানির লাভজনকতা কমেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির পরিচালন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৩২ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই ব্যয় ছিল ১৬৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে পরিচালন ব্যয় বেড়েছে ৬৭ কোটি টাকা বা প্রায় ৪১ শতাংশ।
যদিও বিক্রি ও মুনাফা কমেছে, তবুও সরকারের রাজস্ব আয়ে কোম্পানিটির অবদান এখনো বড়। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটি সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ সরকারকে দিয়েছে ৭ হাজার ২৯২ কোটি টাকা। অর্থাৎ মোট বিক্রির প্রায় ৮৪ শতাংশ অর্থই কর হিসেবে সরকারি কোষাগারে জমা হয়েছে। গত বছরের একই সময়ে এই খাতে কোম্পানির অবদান ছিল ৭ হাজার ৭৩৩ কোটি টাকা।

এ ছাড়া করপোরেট করসহ অন্যান্য কর বাবদ চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি সরকারকে দিয়েছে ২৮৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ কোটি টাকা কম। যেহেতু করপোরেট কর মুনাফার ওপর নির্ভরশীল, তাই মুনাফা কমায় এই খাতেও কর কমেছে।

বিক্রি ও মুনাফা কমে যাওয়ার খবর শেয়ারবাজারেও প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দাম ৩ টাকা ৩০ পয়সা বা প্রায় দেড় শতাংশ কমে ২১৪ টাকায় নেমে আসে। ওই দিন কোম্পানিটির প্রায় ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

বাংলাদেশের বাজারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বেনসন, গোল্ডলিফ, ক্যাপস্টেন, ডার্বি, স্টার ও হলিউডসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেট বাজারজাত করে। ১৯৭৭ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি দীর্ঘদিন ধরেই ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ২০২৫ সালে কোম্পানিটি রেকর্ড ৪৬ হাজার ২৮৪ কোটি টাকার সিগারেট বিক্রি করেছিল এবং বছর শেষে ৫৮৪ কোটি টাকা মুনাফা করেছিল। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকের ফলাফল ইঙ্গিত দিচ্ছে, বাজার পরিস্থিতি এখন আগের মতো অনুকূলে নেই। বিশেষজ্ঞদের মতে, আগামী মাসগুলোতে করনীতি, মূল্যস্ফীতি এবং ভোক্তা আচরণের পরিবর্তনের ওপর নির্ভর করবে কোম্পানিটির ভবিষ্যৎ ব্যবসায়িক গতিপথ।

 

Facebook Comments Box

Posted ০৭:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com