নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৬ মে ২০২৬ প্রিন্ট ২৭ বার পঠিত
ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’ থেকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগের প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর পরিপ্রেক্ষিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ফান্ডে মোট ২০ কোটি ৫৯ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ ফান্ডে জমা দিতে ব্যর্থ হলে কোম্পানিটিকে ২২ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে।
মঙ্গলবার (৫ মে) সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৬ মে) বিএসইসি পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের নির্দেশনায় বলা হয়, ২০১৩ সালে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে ‘বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডে’ বিনিয়োগ করা হয়। এক্ষেত্রে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দরে কেনা হয়। ওই বিনিয়োগে কোম্পানিটির ৬ লাখ শেয়ার কিনতে ফান্ড থেকে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হয়।
বিধিবহির্ভূত ওই বিনিয়োগে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে জানিয়ে কমিশন বলছে, এই অনিয়মের পরিপ্রেক্ষিতে ফান্ড পরিচালনা কর্তৃপক্ষকে আগামী ৩০ দিনের মধ্যে ফান্ডে ৫ কোটি ৭৪ লাখ টাকা জমা বা ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে।
একইভাবে ২০১৭ সালে একই ফান্ড থেকে ‘এএফসি হেলথ লিমিটেডে’ ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়। এক্ষেত্রেও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে কমিশন। আড়াই টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকা দরে কোম্পানিটির ৪৮ লাখ শেয়ার কেনা হয় ফান্ডের অর্থ দিয়ে। বিধিবহির্ভূত ওই বিনিয়োগের বিপরীতে আগামী ৩০ দিনের মধ্যে ১৪ কোটি ৮৫ লাখ টাকা সংশ্লিষ্ট ফান্ডে ফেরত দিতে নির্দেশ দিয়েছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে ১৬ কোটি টাকা জরিমানা করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
কমিশনের নির্দেশনায় আরও বলা হয়, ফান্ড কর্তৃপক্ষ যদি নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডে অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়, তবে ৩০ দিন পরবর্তী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। এই সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হবে।
Posted ০৬:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com