পাবনা প্রতিনিধি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৪ বার পঠিত
অর্থ আত্মসাতের মামলায় সৈয়দ আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যাংক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাহ্উদ্দিন খাঁ এ রায় ঘোষণা করেন।
মামলার অপর দুই আসামি ব্যাংক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০০৯ সালের আগস্ট থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত তিন ব্যাংক কর্মকর্তা পরস্পরের যোগসাজশে জালিয়াতি ও ভুয়া ঋণ বিতরণের মাধ্যমে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়। তাঁদের মধ্যে সৈয়দ আব্দুল্লাহ আল মামুন ও সৈয়দ নজরুল ইসলাম সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক এবং আনোয়ার হোসেন শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগে বলা হয়, ঋণের কিস্তি ও অন্যান্য অর্থ আদায়ের পর তা কালেকশন শিটে অন্তর্ভুক্ত না করে ব্যাংকে জমা দেওয়া হয়নি। এভাবে অর্থ আত্মসাৎ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, পাবনার তৎকালীন উপসহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সিরাজগঞ্জের কামারখন্দ থানায় মামলা করেন।
দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি এবং উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
Posted ০৭:২৫ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন