অনলাইন ডেস্ক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আগামী ৩ নভেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং। সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, লিউ হাইশিং ৩ থেকে ৫ নভেম্বর বাংলাদেশে অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিন, ৪ নভেম্বর, ঢাকায় একটি সেমিনারেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
চীনা দূতাবাস আয়োজিত সেমিনারটির শিরোনাম ‘Where History Illuminates the Future: China-Bangladesh “Political Parties Plus” Roundtable & Inauguration Ceremony of Bangladesh-China Centre for Party and State Governance Studies’। এতে চীন–বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং দল ও রাষ্ট্র পরিচালনাবিষয়ক গবেষণার উদ্যোগ গুরুত্ব পাবে।
লিউ হাইশিং গত বছর সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন। ১৯৬৩ সালের এপ্রিলে জন্ম নেওয়া লিউ চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির সদস্য। ১৯৮৫ সালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে তাঁর কূটনৈতিক কর্মজীবন শুরু হয়। তিনি এর আগে সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় বিষয়ক বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান দায়িত্ব নেওয়ার আগে তিনি সিপিসির কেন্দ্রীয় কমিটির জাতীয় নিরাপত্তা কমিশনের সাধারণ কার্যালয়ের নির্বাহী উপপরিচালক ছিলেন।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগ মূলত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা ও বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করে।
লিউ হাইশিংয়ের এই সফরে উচ্চপর্যায়ের বৈঠক ও রাজনৈতিক সংলাপের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
Posted ০১:০০ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন