|

Advertisement
×

স্কয়ার ফার্মার মুনাফা বেড়ে ৩১.২৪ টাকা, নগদ লভ্যাংশ ১৩০ শতাংশ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৬ বার পঠিত

স্কয়ার ফার্মার মুনাফা বেড়ে ৩১.২৪ টাকা, নগদ লভ্যাংশ ১৩০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস ২০২৫-২৬ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের হিসাব বছরে কোম্পানিটির ঘোষিত নগদ লভ্যাংশ ছিল ১২০ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশ ঘোষণা করে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরে ছিল ২৭ টাকা ৪ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৯৯ পয়সা।

লভ্যাংশ অনুমোদনসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ধারাবাহিকভাবে বাড়ছে লভ্যাংশ

গত কয়েক বছরে কোম্পানিটির নগদ লভ্যাংশের হার ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৪-২৫ হিসাব বছরে ১২০ শতাংশ, ২০২৩-২৪ হিসাব বছরে ১১০ শতাংশ, ২০২২-২৩ হিসাব বছরে ১০৫ শতাংশ এবং ২০২১-২২ হিসাব বছরে ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

একই সময়ে শেয়ারপ্রতি আয়ও সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী ছিল। ২০২৪-২৫ হিসাব বছরে ইপিএস দাঁড়ায় ২৭ টাকা ৪ পয়সা এবং ২০২৩-২৪ হিসাব বছরে ২৩ টাকা ৬১ পয়সা। ২০২২-২৩ হিসাব বছরে তা ছিল ২১ টাকা ৪১ পয়সা।

ঋণমান ও শেয়ার মালিকানা

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ঋণমান দিয়েছে। ২০২৫ সালের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১২ হাজার ৯০৫ কোটি ৪ লাখ টাকা।

শেয়ার মালিকানার হিসাবে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪৪.১৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩.৯৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১৪.১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৭.৭৮ শতাংশ শেয়ার।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com