অনলাইন ডেস্ক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৩৩ বার পঠিত
রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত এ মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি ৩২৩টি স্টলে তাদের পণ্য, আধুনিক নকশা ও উদ্ভাবনী আসবাব প্রদর্শন করছে। ক্রেতাদের জন্য রয়েছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
আইসিসিবির পুষ্পগুচ্ছ, রাজদর্শন ও নবরাত্রি হলে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। দর্শনার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশের আসবাব শিল্প স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে, এ খাতে রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলেও জানান তিনি।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, দেশের আসবাব শিল্পের স্থানীয় বাজার প্রায় ৩০ হাজার কোটি টাকার। আন্তর্জাতিক বাজারে দেশীয় ব্র্যান্ডের উপস্থিতিও শিল্পটির সম্ভাবনাকে তুলে ধরছে।
বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমানের মতে, এ শিল্পের টেকসই বিকাশে উন্নত মান, আধুনিক নকশা, প্রযুক্তিতে বিনিয়োগ, সহজ অর্থায়ন এবং দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি।
মেলায় আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিচ্ছে। একই স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য দেখার, নকশা ও মান তুলনা করার এবং পছন্দ অনুযায়ী আসবাব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
মেলা কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ আবদুল আউয়াল বলেন, দেশীয় নির্মাতাদের নতুন নকশা, পণ্যের বৈচিত্র্য ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন