বিবিএনিউজ.নেট
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ প্রিন্ট ৪৩৪ বার পঠিত
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার চীনের মূল ভূখণ্ডে আরো ১০৮ জনের মৃত্যু হয়। এতে প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জনে। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রথম মৃত্যু ঘটে গত ১১ জানুয়ারি। খবর এএফপি ও রয়টার্স।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে ২ হাজার ৪৭৮ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৬০০ জনের বেশি। চীনের বাইরে ২৭টি দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৫০ জন।
করোনাভাইরাস মোকাবেলায় আরো কার্যকর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় তৈরি বিশেষ হাসপাতাল পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মুখে মাস্ক লাগিয়ে হাসপাতাল পরিদর্শনের পর তিনি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। পরে তিনি ভিডিও কলের মাধ্যমে উহানের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। চীনা প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিস্থিতি এখনো যথেষ্ট উদ্বেগজনক। তবে করোনার সঙ্গে লড়াইয়ের জন্য চীন সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নতুন এ প্রাণঘাতী ভাইরাস মোকাবেলায় উহান শহরের প্রধান হাসপাতালগুলোয় ৩০টি রোবট ব্যবহার করা হচ্ছে। আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ, নিয়ন্ত্রণ কক্ষ ও উহান শহরের বিভিন্ন পার্কে রোবটগুলো ব্যবহার করা হচ্ছে। এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে প্রযুক্তি দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে চীন সরকার।
বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার ইইউ স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ওই বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন প্রতিনিধিও থাকবে।
মহামারী ঠেকাতে সবাইকে একত্র হওয়ার আহ্বান জানিয়েছে ইইউ।
নভেল করোনাভাইরাস আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে মঙ্গলবার সতর্কতা জারি করে শঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও। যেসব রোগী চীনে ভ্রমণ না করেই এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন, তাদের মাধ্যমে এ ভাইরাস আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে সংস্থাটি।
মৃতের সংখ্যা বাড়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের একটি হাসপাতাল পরিদর্শনের পর এমন সতর্কতা জারি করল ডব্লিউএইচও। এর আগে সংস্থাটির একটি বিশেষ দল চীনের মহামারী মোকাবেলায় সহায়তা করার জন্য দেশটিতে পৌঁছেছিল।
উল্লেখ্য, ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে চীনা কর্তৃপক্ষ লাখ লাখ মানুষকে এক ধরনের গৃহবন্দি করে ফেলে। অনেক দেশের সরকার চীনের সঙ্গে সব ধরনের যাতায়াত বন্ধ করে দেয়। অন্যদিকে বেশ কয়েকটি বিমান সংস্থা চীনের সঙ্গে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখে।
এদিকে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এশিয়ার ছয়টি দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। দেশগুলো হলো জাপান, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনাম। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ায় এ ভাইরাস যেন আর ফিরতে না পারে, সেজন্য নাগরিকদের ভ্রমণ সময় কমিয়ে আনার পরামর্শ দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Posted ০১:১৭ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com