|

Advertisement
×

যৌথ বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ ও কুয়েতের উদ্যোক্তারা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৪২ বার পঠিত

যৌথ বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ ও কুয়েতের উদ্যোক্তারা

প্লাস্টিক, সিরামিক, চামড়াজাত পণ্যসহ বেশকিছু খাতে যৌথ বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে এবং কুয়েতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। পাশাপাশি বাংলাদেশ-কুয়েত দ্বিপাক্ষিক বাণিজ্য, যৌথ বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক জোরদারে আগ্রহী উভয় পক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) এফবিসিসিআই’র উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের অনলাইন সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক। সভায় কুয়েত চেম্বারের প্রতিনিধিরাসহ এফবিসিসিআই‘র প্রতিনিধিরা, কূটনীতিক এবং দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তারা অংশ নেন।

সভার শুরুতে এফবিসিসিআই‘র প্রশাসক মো. ফজলুল হক দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়ে কুয়েতের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশের চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, পোশাক ও আইসিটি খাতের উচ্চমানের সক্ষমতার কথা তুলে ধরে দ্রুত অর্থনৈতিক সুযোগ কাজে লাগাতে যৌথ উদ্যোগের তাগিদ দেন তিনি।

কুয়েতের ভোক্তাদের উচ্চ ক্রয়ক্ষমতা ও বাজার সম্ভাবনার কথা তুলে ধরে দেশটিতে নিয়োজিত বাংলাদেশে কাউন্সেলর (পলিটিক্যাল এবং এইওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কুয়েতে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি এবং প্লাস্টিকসহ বিভিন্ন খাতে বাংলাদেশি পণ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। দুই দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অংশীদারিত্ব জোরদার করতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিষ্ঠার সঙ্গে কাজ করে চলছে।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে, কুয়েতের উদ্যোক্তাদের বাংলাদেশে পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম আহমেদ।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশ কুয়েত থেকে প্রচুর পরিমাণে পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য ক্রয় করে। তবে যৌথ বিনিয়োগ এ ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করতে পারে। এ সময়, দুই দেশের ব্যবসা আরও সহজ করতে ভিসা জটিলতা দূর করার অনুরোধ জানান তিনি।

অন্যদিকে, কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে সিরামিক খাতে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুল ইসলাম। এ সময় তিনি বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের অপ্রতুলতার সার্বিক পরিস্থিতি বিবেচনায় কুয়েতে টেবিলওয়্যার সিরামিক কারখানা স্থাপনে যৌথ ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। অন্যদিকে, কুয়েত চেম্বারের প্রতিনিধি আব্দুল আজিজ তার দেশে আবাসন শিল্পের জন্য বাংলাদেশি ফিনিশিং পণ্যের (সিরামিক) সম্ভাবনার কথা জানান।

বাংলাদেশ-কুয়েত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে তথ্য বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করতে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশ্বস্ত করেন সংগঠনটির ডেপুটি ডিরেক্টর জেনারেল ইমাদ আল-জায়েদ।

অনলাইন সভায় যুক্ত ছিলেন এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, ব্যবসায়ী নেতারা, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:২৭ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com