নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৩ বার পঠিত
একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ এর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান— টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে।
পরিসংখ্যানের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, মানসম্পন্ন ও বিজ্ঞানসম্মত পরিসংখ্যান, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং জনগণের কাছে দায়বদ্ধ জননীতি প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, কোনো অবস্থাতেই তথ্যের বিকৃতি হতে দেওয়া হবে না। সরকার জনগণের জন্য নির্ভরযোগ্য, নিরপেক্ষ ও সহজলভ্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই কার্যকর পরিকল্পনা, সুশাসন ও টেকসই উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য ও বৈষম্য হ্রাস এবং সুষম ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। এসব অগ্রাধিকার কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ, সম্পদের সুষম ও সুষ্ঠু বণ্টন এবং উন্নয়ন কার্যক্রমের সঠিক পরিবীক্ষণ ও মূল্যায়নে মানসম্মত, নির্ভরযোগ্য ও সময়োপযোগী পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে নীতির বাস্তবায়ন ও মূল্যায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে পরিসংখ্যানের কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিসংখ্যান শুধু সংখ্যার সমষ্টি নয়; বরং রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের জীবনমান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও প্রকাশের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নির্ভুল, বৈজ্ঞানিক পদ্ধতি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ০৩:১১ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন