|

Advertisement
×

মূল্যস্ফীতির চাপ পর্যবেক্ষণে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

মূল্যস্ফীতির চাপ পর্যবেক্ষণে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

দেশের সামষ্টিক অর্থনীতিতে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিভিন্ন ঝুঁকির প্রভাব পর্যালোচনা করে আপাতত বর্তমান নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি (এমপিসি)। মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও তা এখনো সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও নতুন বেতন কাঠামোর প্রভাবে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছে কমিটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে এমপিসির ১৪তম সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মুস্তফা কামাল মুজেরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফিরদৌসী নাহার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. ইমাম আবু সায়েদ অংশ নেন। এছাড়া কমিটির সদস্যসচিব ও মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার সভায় উপস্থিত ছিলেন।

সভায় সাম্প্রতিক দেশীয় ও বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। কমিটি লক্ষ্য করে, দেশে সামগ্রিক মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারের নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে এখনো বেশি।

এদিকে দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনো অস্থির। এর মধ্যে সেপ্টেম্বরের শেষ দিকে সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। একই সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে অর্থনীতিতে মূল্যস্ফীতির নতুন চাপ তৈরি হতে পারে বলে মনে করছে এমপিসি।

এ পরিস্থিতিতে নীতি সুদহারে পরিবর্তনের আগে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ধাক্কার প্রভাব পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। বিশেষ করে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকভিত্তিক (সিপিআই) মূল্যস্ফীতির ওপর এসব পরিস্থিতির প্রভাব বিশ্লেষণ করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী নীতি সুদহার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ০৭:১০ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com