|

Advertisement
×

রিটার্ন না দিলে কাটা পড়তে পারে গ্যাস-বিদ্যুৎ সংযোগ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২১ বার পঠিত

রিটার্ন না দিলে কাটা পড়তে পারে গ্যাস-বিদ্যুৎ সংযোগ

নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে গ্যাস, বিদ্যুৎ, পানি ও ইন্টারনেটের মতো জরুরি পরিষেবার সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। একই সঙ্গে জরিমানা, অতিরিক্ত কর পরিশোধসহ বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে পারেন করদাতারা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলতি ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআর সূত্রে জানা গেছে, আয়কর আইনেই কর কর্মকর্তাদের এ ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আইন ভঙ্গ হলে কর কর্মকর্তারা প্রয়োজনে বিভিন্ন পরিষেবার সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন। রিটার্ন দাখিল না করলে বেতন-ভাতা গ্রহণের ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।

আয়কর আইনের ২৬৬ ধারায় বলা হয়েছে, যুক্তিসঙ্গত কারণ ছাড়া রিটার্ন দাখিল না করলে করদাতার সর্বশেষ নিরূপিত আয়ের ১০ শতাংশ হারে জরিমানা করা যেতে পারে। তবে এ জরিমানা এক হাজার টাকার কম হবে না। রিটার্ন দাখিলে ব্যর্থতা অব্যাহত থাকলে সংশ্লিষ্ট উপ-কর কমিশনার প্রতিদিন ৫০ টাকা করে অতিরিক্ত জরিমানা ধার্য করতে পারবেন।

তবে এ ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে। আগে কখনো কর নিরূপণ করা হয়নি—এমন করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা করা যাবে। আর আগে কর নিরূপণ করা হয়েছে—এমন করদাতার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের ৫০ শতাংশ অথবা এক হাজার টাকা—যেটি বেশি, সেটি জরিমানা হিসেবে ধার্য করা হবে।

এ ছাড়া আয়কর আইনের ১৭৪ ধারা অনুযায়ী, রিটার্ন দাখিল না করলে বিভিন্ন বিনিয়োগের বিপরীতে করদাতার প্রাপ্য কর অব্যাহতির পরিমাণ কমে যেতে পারে। এর পাশাপাশি জরিমানার বাইরেও মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধের দায় তৈরি হতে পারে।

প্রসঙ্গত, চলতি করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তি, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিলের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে। বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য নয়। তারা চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন।

পাশাপাশি আয় যে পরিমাণই হোক না কেন, এনবিআর বিশেষ কিছু শ্রেণির করদাতার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। পেশা ও কর্মকাণ্ডের ভিত্তিতে ৪৫ শ্রেণির টিআইএনধারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, চলতি করবর্ষে এ পর্যন্ত ৩১ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। বর্তমানে দেশে ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন।

এ ছাড়া সামাজিক অনুষ্ঠান, করপোরেট অনুষ্ঠান, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণসহ বিভিন্ন আয়োজনের জন্য সিটি করপোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় প্রতিষ্ঠান থেকে ভাড়া বা অন্য কোনো সেবা নেওয়ার ক্ষেত্রে সেবা গ্রহণকারীর আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

অর্থাৎ, নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করলে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও জটিলতায় পড়তে হতে পারে।

Facebook Comments Box

Posted ০৭:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com