নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২০ বার পঠিত
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর সম্পদের প্রকৃত অবস্থা নিরূপণ, তারল্য সহায়তা, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, খেলাপি ঋণ আদায় এবং ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি ব্যাংকিং খাত নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে এক বার্তায় এসব তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে পর্যায়ক্রমে দূর করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল আর্থিক ব্যবস্থা গড়ে তোলাই সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে সম্পদমান পর্যালোচনা (এপিআর) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে জমে থাকা অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত মানের অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ পর্যালোচনার ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ফল নয়; বরং দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন। প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণকে টেকসই সংস্কারের অপরিহার্য পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। চলমান উদ্যোগের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের আশাও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
এ ছাড়া ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এসব পরিকল্পনায় প্রয়োজনীয় নতুন মূলধন সরবরাহ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কার এবং জরুরি সহায়তা ব্যবস্থাগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আশা, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে অনিয়মের পুনরাবৃত্তি রোধ, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এর ইতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতেও পড়বে।
কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা জরুরি। এ ক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Posted ০৫:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন