নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২২ বার পঠিত
দেশের ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার ঘটনা আন্তর্জাতিক পর্যায়েও বিরল। এমনকি ব্যাংকিং খাতের মাধ্যমে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফরহানুল গনি চৌধুরী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে দেওয়ানি আইনে সম্পদ উদ্ধারের উদ্যোগ বাস্তবায়নে তিন থেকে পাঁচ বছর প্রয়োজন হতে পারে।
তিনি বলেন, পাচার হওয়া অর্থের অবস্থান, মালিকানা এবং অর্থ স্থানান্তরের পথ শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে এসব সম্পদ অবৈধ উপায়ে অর্জিত। ফলে অর্থ ফেরত আনার কাজটি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
ব্যাংকগুলোর ক্ষতি পুষিয়ে নিতে তাদের সম্পৃক্ত করেই দেওয়ানি আইনি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ছয়টি ঘটনা নিয়ে কাজ শুরু হয়েছিল। এর মধ্যে তিনটির অগ্রগতি উল্লেখযোগ্য। পাশাপাশি পরবর্তী পর্যায়ের জন্য আরও প্রায় ৪০টি ঘটনা চিহ্নিত করা হয়েছে।
ফরহানুল গনি জানান, ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর প্রথমে ফৌজদারি আইনি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়ানি পদ্ধতিতেও কাজ শুরু হয়।
প্রথম পর্যায়ে বড় অঙ্কের খেলাপি ঋণের ঘটনাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত দুটি ঘটনায় ঋণ বিতরণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টিসংক্রান্ত নথি বিদেশে আইনি ব্যবস্থা নেওয়ার উপযোগী বলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মূল্যায়নে উঠে এসেছে।
দ্বিতীয় পর্যায়ের ঘটনাগুলো নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি মানদণ্ড অনুসরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে খেলাপি ঋণের পরিমাণ কমপক্ষে ২০০ কোটি টাকা হওয়া, অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার বিষয়ে ব্যাংকের কাছে তথ্য থাকা এবং সংশ্লিষ্ট মালিকের বিদেশে অবস্থান।
এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংক ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা চুক্তি সম্পন্ন হওয়ার পর ঋণসংক্রান্ত নথিপত্র হস্তান্তর করা হবে। সেগুলো যাচাই করে বিদেশি প্রতিষ্ঠানগুলো আইনি পদক্ষেপের সম্ভাবনা এবং মামলা পরিচালনার জন্য অর্থায়ন পাওয়া যাবে কি না, তা মূল্যায়ন করবে।
বিদেশে সম্পদের সন্ধান, জব্দ এবং আদালতে মামলা পরিচালনার জন্য কয়েক মিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এই অর্থের সংস্থান করতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পদ্ধতিতে শুরুতে ব্যাংকগুলোকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। সম্পদ উদ্ধার করা সম্ভব হলে উদ্ধার হওয়া অর্থের একটি অংশ অর্থায়নকারী প্রতিষ্ঠানকে দেওয়া হবে।
শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এ ধরনের অর্থায়ন চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ফরহানুল গনি বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নীতিগত সম্মতি দিয়েছে। বর্তমানে চুক্তির প্রয়োজনীয় আইনি নথিপত্র তৈরির কাজ চলছে।
সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে ফরহানুল গনি চৌধুরী বলেন, জব্দ করা সম্পদের মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকা দেশের অভ্যন্তরে রয়েছে। অবশিষ্ট প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে অবস্থিত। এসব সম্পদ জব্দের নির্দেশ বাংলাদেশের আদালত দিলেও সংশ্লিষ্ট দেশগুলোতে তা এখনো কার্যকর করা সম্ভব হয়নি।
তিনি জানান, পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের ভিত্তিতে (এমএলএআর) কয়েকটি দেশে কিছু সম্পদ সাময়িকভাবে আটকে রাখা হয়েছে। তবে এসব সম্পদের পরিমাণ প্রকাশ করেননি তিনি। জব্দের সিদ্ধান্ত বহাল রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশকে অতিরিক্ত তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
উদাহরণ হিসেবে যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ২৫ কোটি পাউন্ড মূল্যের সম্পদ জব্দের বিষয়টি উল্লেখ করেন তিনি। ব্রিটিশ কর্তৃপক্ষ ইতিমধ্যে এসব সম্পদ জব্দের তথ্য প্রকাশ করেছে এবং সেগুলো নিয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ থেকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে দেরি হওয়ার কারণে সাময়িকভাবে জব্দ করা কোনো অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না। জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল। কিন্তু ৩০ দিন পর সংশ্লিষ্ট দেশ থেকে ওই অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া হয়। অর্থের অবস্থান শনাক্ত করতে এখনো অনুসন্ধান চলছে। তবে এ বিষয়ে অর্থের পরিমাণ কিংবা সংশ্লিষ্ট দেশের নাম প্রকাশ করেননি তিনি।
ফরহানুল গনি বলেন, একেক দেশের আইনি সহায়তা দেওয়ার নিয়ম ও তথ্য চাহিদা ভিন্ন। তাই প্রতিটি দেশের জন্য আলাদাভাবে প্রয়োজনীয় নথি ও অনুরোধ প্রস্তুত করতে হয়। পাশাপাশি কূটনৈতিক মাধ্যমে এসব আবেদন পাঠানোর ক্ষেত্রে দেশের অভ্যন্তরে যে সময় ব্যয় হয়, তা কমানোর উপায় নিয়েও কাজ চলছে।
টাস্কফোর্সের কার্যক্রমের বিস্তারিত অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অর্থ পাচারসংক্রান্ত অনুসন্ধান অত্যন্ত সংবেদনশীল। তদন্তের প্রতিটি তথ্য প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই সতর্ক হয়ে অর্থ সরিয়ে নেওয়া কিংবা নতুন কৌশল অবলম্বনের সুযোগ পেতে পারেন। এতে বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের উদ্যোগ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রেখেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Posted ০৫:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন