|

Advertisement
×

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩১ বার পঠিত

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন

বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়ার যৌক্তিকতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। গত বছরের জুন পর্যন্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে ম্যাক্সিম গ্রুপের ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এনেক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্ট গ্রুপের ৩ হাজার ৪০০ কোটি টাকা রয়েছে।

হাসনাত অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেট ব্যাংক খাতকে সংকটের মুখে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়া হবে এবং এ খাতে সরকারের হস্তক্ষেপ বন্ধ করা হবে। কিন্তু সাউথইস্ট ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে। সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ২০২৪ সালের পর থেকে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ অবস্থায় জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত ব্যাংকের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে কী যোগ্যতা বিবেচনা করা হয়েছে, তা জানতে চান হাসনাত। একই সঙ্গে নিয়োগের মানদণ্ড প্রকাশ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমা সম্পর্কেও প্রশ্ন তোলেন তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি ব্যাংক থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হচ্ছে। এ জন্য একটি প্যানেল রয়েছে। প্রার্থীদের সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করা হয়।

তিনি বলেন, কোনো প্রার্থী সরকারি না বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন, সেটি নিয়োগের ক্ষেত্রে মুখ্য নয়। ব্যাংকগুলোকে সংকট থেকে বের করে আনতে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। পরিচালনা পর্ষদ নির্বাচনেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

অর্থমন্ত্রীর দাবি, এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের নিয়োগের সুযোগ থাকবে না।

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে। ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার পরিবর্তে নিট আমানত বাড়ছে। ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ কার্যক্রমও এগিয়ে চলছে। এর ফলে ধীরে ধীরে ব্যাংকিং খাতের পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com