|

Advertisement
×

মানি চেঞ্জার থেকে একবারে ৩ হাজার ডলার নেওয়া যাবে

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

মানি চেঞ্জার থেকে একবারে ৩ হাজার ডলার নেওয়া যাবে

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ব্যক্তিগত ভ্রমণ কোটা বা ‘প্রাইভেট ট্রাভেল এনটাইটেলমেন্ট’-এর বিপরীতে লাইসেন্সধারী মানি চেঞ্জার থেকে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নিতে পারবেন বাংলাদেশি নাগরিকেরা। এতদিন এ সীমা ছিল ২ হাজার ডলার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২। বিভাগটির পরিচালক মুনিরা ইসলাম এতে সই করেছেন। সার্কুলারটি সব লাইসেন্সধারী মানি চেঞ্জার এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলারদের জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ নভেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর-৩১ অনুযায়ী, লাইসেন্সধারী মানি চেঞ্জারগুলো বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রার নোট ও কয়েন বিক্রি করতে পারত।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন একজন বিদেশগামী বাংলাদেশি নাগরিকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সধারী মানি চেঞ্জার একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার নোট ও কয়েন বিক্রি করতে পারবে।

তবে কোনো গ্রাহকের প্রাপ্য ভ্রমণ কোটার বাকি অংশ থাকলে তা অন্য অবাধে রূপান্তরযোগ্য বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার নোট ও কয়েনেও দেওয়া যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকের অবশিষ্ট ভ্রমণ কোটার পরিমাণ এবং ওই মুদ্রার প্রাপ্যতা বিবেচনায় নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ বিষয়ে লাইসেন্সধারী মানি চেঞ্জারগুলোর জন্য প্রযোজ্য অন্যান্য বিধিবিধান অপরিবর্তিত থাকবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করতে হবে লাইসেন্সধারী মানি চেঞ্জারগুলোকে।

Facebook Comments Box

Posted ০৬:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com