নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ক্ষেত্রে বেসরকারি খাতসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। জনগণের আস্থা অর্জন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার সংস্কৃতি গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অপ্রতুল। পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ তৈরি না হওয়ায় বেকারত্ব বাড়ছে, যা বিভিন্ন সামাজিক সমস্যার কারণ হতে পারে।
সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শ্রমিক ও রাজনৈতিক অস্থিরতা এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলার অবনতির কারণে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পুলিশের কার্যকর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।
ডিসিসিআই সভাপতি মহাসড়ক ও বাণিজ্যিক এলাকায় পণ্য পরিবহনে হয়রানি বন্ধে হটলাইন চালু, শিল্প ও ব্যবসাপ্রধান এলাকায় নিরাপত্তা জোরদার, সাইবার নিরাপত্তা নিশ্চিত এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধের আহ্বান জানান। একই সঙ্গে ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সাইবার অপরাধ ইউনিটের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ০৭:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন