|

Advertisement
×

ভ্যাট, আয়কর ও শুল্ক—তিন খাতেই বড় ঘাটতি, রাজস্ব আদায়ে পিছিয়ে এনবিআর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৪ বার পঠিত

ভ্যাট, আয়কর ও শুল্ক—তিন খাতেই বড় ঘাটতি, রাজস্ব আদায়ে পিছিয়ে এনবিআর

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৫০ হাজার ৩৪৩ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট খাতে। আয়কর ও শুল্ক খাতেও লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারেনি সংস্থাটি।

এনবিআরের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৭ হাজার ৯৩৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫৯৩ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র ৭১ দশমিক ৭ শতাংশ আদায় হয়েছে।

প্রথম তিন মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি ছিল ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। অক্টোবর মাসে আরও ৮ হাজার ৪৬৪ কোটি টাকা ঘাটতি যুক্ত হওয়ায় চার মাসের ব্যবধানে মোট ঘাটতি ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে আদায় হয়েছিল ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। সেই হিসাবে চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় আদায় বেড়েছে ৮ হাজার ১১৫ কোটি টাকা বা ৬ দশমিক ৭৯ শতাংশ।

ভ্যাট আদায়ে সবচেয়ে বেশি ঘাটতি

রাজস্ব আদায়ের তিনটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভ্যাট খাতে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ খাতে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৬ হাজার ২০৩ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৪৩ হাজার ৯৬৬ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ২২ হাজার ২৩৭ কোটি টাকা।

আয়কর ও ভ্রমণ কর খাতেও লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ কম রাজস্ব আদায় হয়েছে। এ খাতে চার মাসে ৫৮ হাজার ৪২৮ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ৪২ হাজার ৯১৬ কোটি টাকা। অর্থাৎ ঘাটতি ১৫ হাজার ৫১২ কোটি টাকা।

অন্যদিকে আমদানি-রপ্তানি পর্যায়ের শুল্ক-কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৩ হাজার ৩০৪ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪০ হাজার ৭১১ কোটি টাকা। এ খাতে ঘাটতি হয়েছে ১২ হাজার ৫৯৩ কোটি টাকা।

খাতভিত্তিক রাজস্ব আদায়ের চিত্র নিচে দেওয়া হলো—

রাজস্বের খাত লক্ষ্যমাত্রা আদায় ঘাটতি
ভ্যাট ৬৬,২০৩ কোটি ৪৩,৯৬৬ কোটি ২২,২৩৭ কোটি
আয়কর ও ভ্রমণ কর ৫৮,৪২৮ কোটি ৪২,৯১৬ কোটি ১৫,৫১২ কোটি
শুল্ক-কর ৫৩,৩০৪ কোটি ৪০,৭১১ কোটি ১২,৫৯৩ কোটি
মোট ১,৭৭,৯৩৬ কোটি ১,২৭,৫৯৩ কোটি ৫০,৩৪৩ কোটি

একক মাসের হিসাবেও রাজস্ব আদায়ে পিছিয়ে রয়েছে এনবিআর। অক্টোবর মাসে ৪৩ হাজার ৫৪০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৫ হাজার ৭৬ কোটি টাকা। ফলে এক মাসেই ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ৪৬৪ কোটি টাকা।

ঋণের বোঝা বাড়ছে, রাজস্ব সংগ্রহে চাপ

রাজস্ব আদায়ে ঘাটতির পাশাপাশি সরকারের ঋণের বোঝা ও ঋণ পরিশোধের চাপ নিয়েও উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে রাজস্ব সংস্কারবিষয়ক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের শেষ দশকে দেশের ঋণের বোঝা ৩০০ শতাংশ বেড়েছে। ২০০৬-০৭ বা ২০০৭-০৮ অর্থবছর থেকে হিসাব করলে ঋণের পরিমাণ বেড়েছে ৩২৩ শতাংশ।

সরকারি ঋণ, সরকারি ঋণের গ্যারান্টি এবং বেসরকারি খাতের ঋণ বিবেচনায় নিয়ে এ হিসাব করা হয়েছে বলে জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, এ পরিস্থিতিতে সরকারকে একদিকে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, অন্যদিকে বহন করতে হচ্ছে বিপুল ঋণের বোঝা।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন সময়ে দাতাদের কাছ থেকে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ সরকার ৪৪৯ কোটি ৪১ লাখ ডলার পরিশোধ করেছে। ২০৩০ সাল নাগাদ এ পরিশোধের পরিমাণ বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

রাজস্ব সংস্কারে তিন টাস্কফোর্স

অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে আয়কর, মূসক ও শুল্ক খাতের জন্য তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এনবিআর বিভক্তির বিষয়ে তিনি জানান, অংশীজনদের সঙ্গে আলোচনা করে রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি বিভাগ নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। শিগগিরই প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে।

ডিসেম্বর থেকে নিয়মিত প্রকাশ হবে রাজস্বের তথ্য

রাজস্ব আদায়ের তথ্য আগের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে না কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আদায়ের তথ্য গোপন করা হয়নি। সরকার ওপেন ডেটা পলিসি গ্রহণ করেছে। জাতীয় পরিসংখ্যান দিবসে তথ্য উন্মুক্ত করার পদ্ধতিও স্পষ্ট করা হয়েছে।

তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই রাজস্ব আদায়ের তথ্য পাওয়া যাবে। এরপর থেকে নিয়মিতভাবে এসব তথ্য প্রকাশ করা হবে।

আর্থিক ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস প্লাস প্লাসের কারিগরি সীমাবদ্ধতার কারণে তথ্য প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০৬ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com