|

Advertisement
×

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের ব্যাখ্যা

রবিবার, ২২ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৮ বার পঠিত

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের ব্যাখ্যা

সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে ব্যাংকটি। এক প্রতিবাদলিপিতে সিটি ব্যাংক জানিয়েছে, ঋণ আদায়ের পুরো প্রক্রিয়া আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা মেনেই সম্পন্ন হয়েছে। প্রকৃত তথ্য যাচাই না করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট গ্রাহকের একাধিক প্রতিষ্ঠান ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের কাছ থেকে ঋণসুবিধা নেয়। এসব ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে ঋণগুলো অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনঃতফসিলসহ বিভিন্ন সুযোগ দেওয়া হয়। কিন্তু এরপরও ঋণ পরিশোধ করা হয়নি। ২০২৪ সালে ঋণগুলো আবার খেলাপি হলে গ্রাহককে একাধিকবার আইনি নোটিশ পাঠানো হয় এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। সিটি ব্যাংকের দাবি, গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেননি।

এরপর প্রচলিত আইন ও ব্যাংকের নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। ব্যাংক জানায়, নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিটির বাজারমূল্য ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। ব্যাংকের মতে, এই বিক্রয়মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়েও বেশি। তাই কম দামে সম্পত্তি বিক্রির অভিযোগের কোনো ভিত্তি নেই। সামাজিক মাধ্যমে খবরে বলা হয় বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলামে বিক্রি দেখিয়ে শতকোটি টাকা আত্মসাত করেছে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা।

প্রতিবাদলিপিতে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। ব্যাংকটির বক্তব্য, প্রতিষ্ঠানের নিয়মিত ঋণ আদায় কার্যক্রমকে তাঁর ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ তাঁর ব্যক্তিগত ও পেশাগত মর্যাদার পাশাপাশি ব্যাংকের সুনামও ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ ছাড়া বিদেশি একটি ব্যাংকের আমন্ত্রণে আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশ নেওয়া এবং পরবর্তী সময়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে তাঁর পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশেরও প্রতিবাদ জানিয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটির মতে, বিষয়গুলোকে একসঙ্গে উপস্থাপন করা অনভিপ্রেত ও অন্যায্য।

সিটি ব্যাংক জানিয়েছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে। তবে কোনো অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা নিয়োগ বা অনুসন্ধান শুরু হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। এ দুটি বিষয়কে এক করে দেখার সুযোগ নেই।

প্রতিষ্ঠানটি সংবাদমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ এবং ইতিমধ্যে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তথ্য যথাযথভাবে তুলে ধরার অনুরোধ জানিয়েছে ব্যাংকটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৮ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com