|

Advertisement
×

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৭ বার পঠিত

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত হয়েছে। দুটি আন্তর্জাতিক তহবিল থেকে পাওয়া এই অর্থের পুরোটাই অনুদান, যা বাংলাদেশকে ফেরত দিতে হবে না। এ ছাড়া নির্ধারিত কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আরও প্রায় ২৭৩ কোটি টাকা অনুদান পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) কপ৩১ সম্মেলন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, বিশ্বজুড়ে জলবায়ু অর্থায়নে অনুদানের অংশ কমে ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য নিশ্চিত হওয়া পুরো অর্থ অনুদান হিসেবে পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুটি আন্তর্জাতিক তহবিল থেকে দীর্ঘদিনের প্রচেষ্টার ফল হিসেবে এই অর্থায়ন নিশ্চিত হয়েছে।

ড. পারভেজ জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে বাংলাদেশ পাচ্ছে ৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা। অন্যদিকে গ্লোবাল শিল্ড থেকে পাওয়া যাবে ৩ কোটি ইউরো বা প্রায় ৪১০ কোটি টাকা। সব মিলিয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া অনুদানের পরিমাণ প্রায় ৭৮৪ কোটি টাকা, যা ৬ কোটি ২৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ।

এই অর্থায়নের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করতে পারলে ওই তহবিল থেকে আরও ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা অনুদান পাওয়া যাবে। এ অর্থ যুক্ত হলে সিআইএফ ও গ্লোবাল শিল্ড মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।

তিনি বলেন, সিআইএফের অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। আর গ্লোবাল শিল্ডের সহায়তা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কাজে লাগানো হবে। বিশেষ করে জলবায়ু বীমা নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোও এই সহায়তার আওতায় আসবে। পুরো কার্যক্রম তদারক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক ও নীতিনির্ধারণী সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, প্রধানমন্ত্রী নিজে বিশ্বমঞ্চে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপন করেছেন, যা এবারের সম্মেলনে অন্যতম বড় অর্জন। মাত্র ৪৮ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে তিনি জাতীয় বক্তব্য দেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। তাঁর উপস্থাপিত দাবির ভিত্তিতে বাংলাদেশের প্রতিনিধিদল গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে দরকষাকষি করেছে।

ড. পারভেজ বলেন, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি জানিয়েছে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে অর্থায়ন বাড়ানো এবং ঋণ একান্তই প্রয়োজন হলে সহজ শর্তে তা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সিআইএফ ও গ্লোবাল শিল্ডের বাইরে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল থেকেও আরও অনুদান পাওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং এসব বনের ওপর নির্ভরশীল মানুষের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্ব ও অনুদান পাওয়ার বিষয়ে জোটের সচিবালয়ের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের আকার ও কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. পারভেজ বলেন, আগের সম্মেলনগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক অংশীদার, তরুণ জলবায়ুকর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের একাংশের ব্যয় বহন করেছে আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলো।

এর ফলে বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। উপস্থিতি ও আলোচনার মান বিবেচনায় এটি সম্মেলনের অন্যতম প্রাণবন্ত প্যাভিলিয়ন ছিল। তবে আগামী সম্মেলনে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকের সুনির্দিষ্ট অবদানকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

কার্বন ক্রেডিট বিক্রি থেকে বাংলাদেশের আয়ের সম্ভাবনা নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন ড. সাইমুম পারভেজ। তিনি জানান, গত সাত থেকে আট মাস ধরে এ-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে। সম্মেলনে গোল্ড স্ট্যান্ডার্ড ও গ্লোবাল কার্বন কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বাংলাদেশের অর্জিত কার্বন ক্রেডিট বিক্রির প্রক্রিয়া এগিয়ে চলছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে বড় কোনো অগ্রগতির খবর জানানো সম্ভব হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৪২ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com