|

Advertisement
×

চার বছরে ব্যাংক খাতের সংস্কার সম্পন্ন করতে চায় বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১৪ বার পঠিত

চার বছরে ব্যাংক খাতের সংস্কার সম্পন্ন করতে চায় বাংলাদেশ ব্যাংক

ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। এ সংস্কার কার্যক্রম আগামী চার বছরে পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে চলমান সংস্কারের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ, দুর্বলতা চিহ্নিতকরণ এবং সেগুলো পর্যায়ক্রমে দূর করার লক্ষ্যে সুপরিকল্পিত ও সমন্বিত সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকের সম্পদের মান যাচাই

ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ—এ কিউ আর) কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এ পর্যালোচনার মাধ্যমে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এ কিউ আর-এর ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের প্রতিফলন নয়। বরং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার প্রকৃত চিত্র এটি। ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে প্রকৃত অবস্থা নিরূপণকে টেকসই সংস্কারের অপরিহার্য পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি সহায়তা

সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে এসব ব্যাংকে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব উদ্যোগের উদ্দেশ্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়মের পুনরাবৃত্তি ঠেকানো এবং আমানতকারী ও সাধারণ মানুষের আস্থা সুদৃঢ় করা।

চার বছরে ব্যাংক পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণ

ব্যাংকিং খাতের দুর্বলতা কাটিয়ে আর্থিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠায় ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এসব পরিকল্পনায় প্রয়োজনীয় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

পরিকল্পনাগুলো আগামী চার বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের সংকটের পুনরাবৃত্তি প্রতিরোধের সক্ষমতা বাড়ানো হবে।

দীর্ঘমেয়াদি সংস্কারে গুরুত্ব

দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতকে আরও সক্ষম, ঝুঁকি সহনশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক।

এর আওতায় আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কার এবং জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, আগামী চার বছরে সংস্কার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে। এতে আর্থিক খাতের প্রতি জনআস্থা বাড়বে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতার কোনো বিকল্প নেই। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার।

এ পরিস্থিতিতে জনসাধারণকে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com