|

Advertisement
×
অনিষ্পন্ন দাবি ২১৩ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম সংগ্রহে বাধা নেই

 সানফ্লাওয়ার লাইফের নতুন পলিসি ইস্যু বন্ধের নির্দেশ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২১ বার পঠিত

 সানফ্লাওয়ার লাইফের নতুন পলিসি ইস্যু বন্ধের নির্দেশ

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন বীমা পলিসি ইস্যু এবং নতুন পলিসির বিপরীতে প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ২১২ কোটি ৯৮ লাখ টাকা। দাবি পরিশোধে সন্তোষজনক অগ্রগতি না থাকা, আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গত ১৮ নভেম্বর আইডিআরএর রিপোর্ট, রিটার্ন ও অডিট শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন শাখাটির পরিচালক দেবপ্রসাদ পাল। নির্দেশনা অনুযায়ী, ২০ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানিটি নতুন কোনো লাইফ বীমা পলিসি ইস্যু করতে পারবে না। একই সঙ্গে নতুন পলিসির বিপরীতে প্রথম বর্ষের প্রিমিয়ামও সংগ্রহ করতে পারবে না।

আইডিআরএর চিঠিতে বলা হয়েছে, গত ৫ জুলাই কোম্পানিটির সঙ্গে একটি গভর্ন্যান্স রিভিউ সভা করে কর্তৃপক্ষ। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে গ্রাহকদের বীমা দাবি পরিশোধের পরিকল্পনা এবং ব্যবস্থাপনা ব্যয় কমানোর বিষয়ে কোম্পানির কাছে কর্মপরিকল্পনা চাওয়া হয়। তবে কোম্পানির পক্ষ থেকে জমা দেওয়া কর্মপরিকল্পনায় সন্তুষ্ট হতে পারেনি আইডিআরএ।

এ ছাড়া গত ১১ আগস্ট কর্তৃপক্ষের পাঠানো কারণ দর্শানোর নোটিশেরও কোনো জবাব দেয়নি কোম্পানিটি।

কোম্পানির প্রস্তাবিত ও চলমান জমি বিক্রির কার্যক্রম এবং বীমা দাবি পরিশোধের বিষয়টি তদারকির জন্য গত ৩ সেপ্টেম্বর নিরীক্ষা প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেয় আইডিআরএ। প্রতিষ্ঠানটি গত ৪ অক্টোবর কোম্পানির কাছে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি। এমনকি যোগাযোগের মাধ্যমেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি বলে আইডিআরএর নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অনুযায়ী, কোম্পানির আর্থিক সক্ষমতা, অনিষ্পন্ন বীমা দাবি নিষ্পত্তি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়নে সন্তোষজনক অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে নতুন পলিসি ইস্যু অব্যাহত থাকলে কোম্পানির আর্থিক দায় ও চাপ আরও বাড়তে পারে। এতে বিদ্যমান পলিসিগ্রাহকদের স্বার্থও ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

এসব বিষয় বিবেচনায় বীমা আইন, ২০১০-এর ধারা ৫০(১)(ঙ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এবং বিদ্যমান পলিসিগ্রাহকদের স্বার্থ সুরক্ষায় কোম্পানিটির নতুন ব্যবসা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে আইডিআরএ।

তবে এ নির্দেশনার ফলে বিদ্যমান পলিসির কার্যক্রম বন্ধ হচ্ছে না। কোম্পানিটিকে দ্বিতীয় ও পরবর্তী বছরের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি বিদ্যমান পলিসির অধীনে সব দায়দায়িত্ব পালন এবং গ্রাহকদের বীমা দাবি পরিশোধও চালিয়ে যেতে হবে।

আইডিআরএ জানিয়েছে, নির্দেশনা যথাযথভাবে পালন না করলে বীমা আইন, ২০১০ অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com