|

Advertisement
×
গ্যালাঘার রি’র তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন

বৈশ্বিক ইন্স্যুরটেক খাতের বিনিয়োগ কমেছে

রবিবার, ২২ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৫ বার পঠিত

বৈশ্বিক ইন্স্যুরটেক খাতের বিনিয়োগ কমেছে

বিশ্বজুড়ে ইন্স্যুরটেক প্রযুক্তি বা ইন্স্যুরটেক খাতে বিনিয়োগ কমেছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ খাতে বিনিয়োগ আগের প্রান্তিকের তুলনায় ৪৪ দশমিক ৬ শতাংশ কমে ১৩৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। দ্বিতীয় প্রান্তিকে এ বিনিয়োগের পরিমাণ ছিল ১৭৬ কোটি ডলার।

বড় অঙ্কের বিনিয়োগ বা মেগা-রাউন্ড কমে যাওয়াকে এ পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ইন্স্যুরটেক খাতে বিনিয়োগ চুক্তির সংখ্যাও সামান্য কমেছে। দ্বিতীয় প্রান্তিকে ১০৭টি চুক্তি হলেও তৃতীয় প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে ১০৪টিতে।

গ্লোবাল রিইন্স্যুরেন্স ব্রোকার গ্যালাঘার রি প্রকাশিত গ্লোবাল ইনসুরটেক রিপোর্ট, তৃতীয় প্রান্তিক ২০২৬-এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, মেগা-রাউন্ডে বিনিয়োগ দ্বিতীয় প্রান্তিকের ১৬৭ কোটি ডলার থেকে কমে তৃতীয় প্রান্তিকে ৬৬ কোটি ডলারে নেমেছে।
দ্বিতীয় প্রান্তিকে জীবন ও স্বাস্থ্যবীমা প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগ ছিল ১৮৪ কোটি ডলার। তৃতীয় প্রান্তিকে তা ৬৬ দশমিক ৭ শতাংশ কমে ৬১ কোটি ডলারে নেমেছে।

তবে এ প্রান্তিকের পাঁচটি মেগা-রাউন্ড বিনিয়োগের মধ্যে চারটিই পেয়েছে জীবন ও স্বাস্থ্যবীমা খাতের প্রতিষ্ঠান। এর মধ্যে অ্যাঙ্গেল হেলথ ২০ কোটি ডলার, ফোরাস ১৫ কোটি ডলার এবং থ্যাচ ও পেনেলোপ হেলথ প্রত্যেকে ১০ কোটি ডলার করে বিনিয়োগ পেয়েছে।

এই চার প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ৭৪ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার বিনিয়োগের বড় অংশ পেয়েছে।

প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ বেড়েছে:
সামগ্রিক বিনিয়োগ কমলেও প্রাথমিক পর্যায়ের (আর্লি-স্টেজ) ইন্স্যুরটেক প্রতিষ্ঠানে বিনিয়োগ বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকের ৯ কোটি ৫৯ লাখ ডলার থেকে তৃতীয় প্রান্তিকে এ বিনিয়োগ ২০ দশমিক ১ শতাংশ বেড়ে ১১ কোটি ৭২ লাখ ৯০ হাজার ডলারে দাঁড়িয়েছে।

এ পর্যায়ে বিনিয়োগ চুক্তির সংখ্যাও ২০ দশমিক ১ শতাংশ বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে ৪৬টি চুক্তির বিপরীতে তৃতীয় প্রান্তিকে হয়েছে ৫৬টি।

বীজ ও অ্যাঞ্জেল পর্যায়ের প্রতিষ্ঠানগুলো মোট চুক্তির ৪২ দশমিক ৩ শতাংশ পেয়েছে। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের পর এটিই এ পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ অংশ।

বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আধিপত্য:
তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক ইন্স্যুরটেক বিনিয়োগ চুক্তির ৬৪ দশমিক ৪ শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ হার ৩ দশমিক ৭ শতাংশ পয়েন্ট এবং ২০২৫ সালের একই প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ পয়েন্ট বেশি।

বিশ্বজুড়ে মোট ১০৪টি বিনিয়োগ চুক্তির মধ্যে ৬৭টিই যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে হয়েছে। এরপর যুক্তরাজ্য ও ভারতের প্রতিষ্ঠান সাতটি করে চুক্তি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্স্যুরটেক খাতে সক্রিয় বিনিয়োগকারীদের বড় অংশ যুক্তরাষ্ট্রভিত্তিক হওয়ায় দেশটির প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিয়োগ চুক্তির অংশ বেড়েছে।

তৃতীয় প্রান্তিকে ইন্স্যুরটেক বিনিয়োগকারীদের ৭৫ দশমিক ৯ শতাংশই ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ হার ১৫ দশমিক ৩ শতাংশ পয়েন্ট এবং এক বছরের ব্যবধানে ২৬ দশমিক ১ শতাংশ পয়েন্ট বেড়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের বড় অংশ:
ইন্স্যুরটেক খাতে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তৃতীয় প্রান্তিকে মোট বিনিয়োগের ৮৩ দশমিক ২ শতাংশ পেয়েছে এআইভিত্তিক প্রতিষ্ঠানগুলো।

এ খাতের প্রতিষ্ঠানগুলো ৭২টি চুক্তির মাধ্যমে মোট ১১৩ কোটি ডলার সংগ্রহ করেছে। এর উল্লেখযোগ্য অংশ পেয়েছে জীবন ও স্বাস্থ্যবীমা খাতের পেনেলোপ হেলথ ও অক্সব্রিজ হেলথ। প্রতিষ্ঠান দুটি যথাক্রমে ১০ কোটি ও ৩ কোটি ৮৫ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে।

অন্যদিকে, ডিজিটাল ঋণসংশ্লিষ্ট ইন্স্যুরটেক প্রতিষ্ঠানগুলো ২০১২ সাল থেকে এ পর্যন্ত খাতটির মোট বিনিয়োগের মাত্র ১ শতাংশ পেয়েছে। এ ধরনের ৭৮টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত মোট ৬৮ কোটি ১৮ লাখ ডলার সংগ্রহ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ঋণ বীমা ও ঋণ পরিশোধে ব্যর্থতার বিপরীতে আর্থিক নিশ্চয়তা প্রদানকারী প্রতিষ্ঠানও রয়েছে।

পুনর্বীমা খাতের সংশ্লিষ্ট বিনিয়োগ কমেছে:
পুনর্বীমা ও বীমা কোম্পানিসংশ্লিষ্ট বিনিয়োগ কার্যক্রমেও মন্দাভাব দেখা গেছে। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বীমা ও পুনর্বীমা কোম্পানির অংশগ্রহণে ৫১টি বিনিয়োগ চুক্তি হয়েছিল। ২০২৬ সালের একই প্রান্তিকে তা কমে ২৫টিতে দাঁড়িয়েছে।
টানা দ্বিতীয় প্রান্তিকের মতো বীমা কোম্পানিসংশ্লিষ্ট বিনিয়োগে এগিয়ে রয়েছে জাপানের এমএসঅ্যান্ডএডি গ্রুপ। প্রতিষ্ঠানটির মিতসুই সুমিতোমো ইনস্যুরেন্স ভেঞ্চার ক্যাপিটাল তিনটি কোম্পানিতে এবং এমএসঅ্যান্ডএডি ভেঞ্চারস দুটি কোম্পানিতে বিনিয়োগ করেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:১৪ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com