|

Advertisement
×

হোমল্যান্ড লাইফের পর্ষদ গঠন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৭১ বার পঠিত

হোমল্যান্ড লাইফের পর্ষদ গঠন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নিয়মিত পরিচালনা পর্ষদ গঠন ও নির্বাচনসংক্রান্ত হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোম্পানিটির দুইজন শেয়ারহোল্ডারের দায়ের করা ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল’ মঞ্জুর করে গত ১৬ নভেম্বর এ আদেশ দেন আদালত। এর ফলে হাইকোর্টের অনুমোদনে গঠিত কোম্পানিটির বর্তমান পরিচালনা পর্ষদ নিয়ে আইনি প্রক্রিয়া নতুন পর্যায়ে গড়াল।

 

গত ১৬ নভেম্বর উভয় পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে আবেদনটি গত ২ ও ৯ নভেম্বরও আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ শুনানি শেষে আদালত আবেদনকারীদের লিভ টু আপিল মঞ্জুর করেন এবং হাইকোর্ট বিভাগের ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত ঘোষণা করেন।

 

আদালতে হোমল্যান্ড লাইফের নিয়মিত পরিচালনা পর্ষদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম বদরুদ্দোজা। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন ও মো. মহিউদ্দিন আহমেদ খান। অন্যদিকে আবেদনকারী শেয়ারহোল্ডারদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অনিক আর হক ও আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী।

 

হোমল্যান্ড লাইফের নিয়মিত পরিচালনা পর্ষদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মহিউদ্দিন আহমেদ জানান, আদালতের এ আদেশের ফলে হোমল্যান্ড লাইফের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠন ও নির্বাচনসংক্রান্ত হাইকোর্ট বিভাগের রায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে কোম্পানির নিয়মিত ব্যবসায়িক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় কোনো বাধা থাকবে না। অর্থাৎ আদালতের স্থগিতাদেশটি কোম্পানির সামগ্রিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে নয়; বরং পরিচালনা পর্ষদ গঠন ও নির্বাচনসংক্রান্ত হাইকোর্ট বিভাগের রায়ের কার্যকারিতার ওপর দেওয়া হয়েছে।

 

 

মামলার সূত্রে জানা যায়, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের কয়েকজন শেয়ারহোল্ডার কোম্পানির সংখ্যালঘু সদস্য ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষার জন্য কোম্পানি আইন, ১৯৯৪-এর ২৩৩ ধারায় হাইকোর্ট বিভাগে দুটি কোম্পানি মামলা দায়ের করেন। মামলা দুটির নম্বর কোম্পানি ম্যাটার ৯৪১ ও ৭১৬/২০২৫।

 

কোম্পানিটির পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে হাইকোর্ট বিভাগ একটি অন্তর্বর্তীকালীন স্বাধীন বোর্ড গঠন করেন। একই সঙ্গে ওই বোর্ডের তত্ত্বাবধানে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন বোর্ডের তত্ত্বাবধানে কোম্পানিটির নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়।

 

এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৩ জুলাই পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আটজন পরিচালক নির্বাচিত হন। পরবর্তী সময়ে পর্ষদে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। এ প্রক্রিয়ায় মো. জামাল উদ্দিন চেয়ারম্যান এবং মো. আব্দুল হাই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

 

গত ৩০ জুলাই হাইকোর্ট এই পর্ষদকে অনুমোদন দেন। পরে ১ সেপ্টেম্বর বিচারপতি মো. তৌফিক ইনামের একক হাইকোর্ট বেঞ্চ ২৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত নির্বাচন অনুমোদন করে রায় ও আদেশ দেন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন বোর্ডকে অব্যাহতি দেওয়া হয় ।

 

নিয়মিত পর্ষদ গঠনের পর ইতিমধ্যে তিনটি পরিচালনা পর্ষদের সভাও অনুষ্ঠিত হয়েছে।

 

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল:

 

হাইকোর্ট বিভাগের ১ সেপ্টেম্বরের রায় ও আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান কোম্পানিটির দুইজন শেয়ারহোল্ডার। মামলার আবেদনকারী মো. এরশাদ করিম ও অন্য একজন ওই রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল’ দায়ের করেন। এর মামলা নম্বর ৩৬৪০/২০২৬।

 

আপিল বিভাগের কার্যতালিকা অনুযায়ী, আবেদনটি ২ নভেম্বর প্রথমবারের মতো শুনানির জন্য ওঠে। পরে ৯ নভেম্বর এবং সর্বশেষ ১৬ নভেম্বর উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ আবেদনকারীদের লিভ টু আপিল মঞ্জুর করেন। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের ১ সেপ্টেম্বরের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত করেন।

 

ফলে হোমল্যান্ড লাইফের পরিচালনা পর্ষদ গঠন ও নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। এখন আপিল বিভাগের পরবর্তী শুনানি ও চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এ বিরোধের পরবর্তী আইনি পরিণতি।#

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com