নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১২ বার পঠিত
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন (প্রথম বর্ষ) বীমা ব্যবসা সাময়িকভাবে স্থগিত রাখার আদেশ প্রত্যাহার করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ফলে কোম্পানিটি আবার নতুন বীমা পলিসি ইস্যু করতে পারবে।
১৮ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানিয়েছে আইডিআরএ। এর আগে গত ২ নভেম্বর কোম্পানিটির নতুন বীমা ব্যবসা সাময়িকভাবে স্থগিত করেছিল নিয়ন্ত্রক সংস্থাটি।
আইডিআরএর নির্দেশনা অনুযায়ী, কোম্পানির পরিচালনা পর্ষদের ১১ নভেম্বর অনুষ্ঠিত ২১৪তম জরুরি সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১০ কোটি ১৯ লাখ টাকার সরকারি ট্রেজারি বন্ড (বিজিটিবি) নগদায়ন করা হয়েছে বলে কর্তৃপক্ষকে জানায় প্রগ্রেসিভ লাইফ। নগদায়ন করা অর্থ ১২ নভেম্বর কোম্পানির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।
কোম্পানির দাখিল করা ব্যাংক হিসাব বিবরণী পর্যালোচনায় আইডিআরএ দেখতে পায়, ট্রেজারি বন্ড বিক্রির অর্থ থেকে তিনটি পৃথক লেনদেনে মোট ৯ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ৫২০ টাকা জমা হয়েছে। ওই দিন হিসাবটির সমাপনী স্থিতি ছিল ৯ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ৪২৫ টাকা।
নির্দেশনায় বলা হয়েছে, জমা করা অর্থ ফার্স্ট ইন, ফার্স্ট আউট (এফআইএফও) পদ্ধতিতে দাবিদার গ্রাহকদের বীমা দাবি পরিশোধে ব্যবহার করতে হবে। পাশাপাশি কর্তৃপক্ষের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখিত অন্যান্য সম্পদ বিক্রির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এসব সম্পদ বিক্রি করে পাওয়া অর্থ দিয়েও গ্রাহকদের বীমা দাবি দ্রুত পরিশোধের ব্যবস্থা করতে হবে।
আইডিআরএ জানিয়েছে, আগের নির্দেশনায় আরোপিত শর্ত কোম্পানি পরিপালন করায় নতুন বীমা ব্যবসা স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে কর্তৃপক্ষের আগে জারি করা এবং ভবিষ্যতে জারি করা সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। অন্যথায় কোম্পানির বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।#
Posted ১২:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Reporter Rasel
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন