নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে সরকারি গৃহায়ন তহবিলের ঋণ কর্মসূচির প্রভাব নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পরিচালিত এ গবেষণায় কর্মসূচিটির সাফল্য, সম্ভাবনা ও সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এএন হামিদুল্লাহ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গবেষণাপত্রটির মোড়ক উন্মোচন করা হয়। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, গৃহায়ন তহবিলের ঋণ কর্মসূচি কার্যকর আবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কর্মসূচির সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত সমন্বয়ের মাধ্যমে এটি দেশের আবাসন নিরাপত্তা ও টেকসই উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও গৃহায়ন তহবিল স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, গবেষণায় কর্মসূচিটির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বেশ কিছু গঠনমূলক সুপারিশ করা হয়েছে, যা ভবিষ্যতে এর কার্যক্রম আরও গতিশীল করতে সহায়তা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. কে এম আলমগীর কবীর বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কাছে এ মানবিক কর্মসূচির সুফল আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও গৃহায়ন তহবিলের ফান্ড ম্যানেজার আবেদা রহিম স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক ড. মো. সাখাওয়াত হোসেন, আইডিএফের নির্বাহী পরিচালক জহিরুল আলম এবং বার্ডের গবেষক দল গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, নিয়ন্ত্রক সংস্থা ও বাস্তবায়নকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ০৭:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন