নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ২৪৭ বার পঠিত
নজিরবিহীন গ্র্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। শীতের শুরুতেই রাজধানীর অনেক ঘরে সরকারি পাইপলাইনের গ্যাস সংকট দেখা দিয়েছে। মাসের পর মাস বিল পরিশোধ করলেও গ্রাহকরা ন্যূনতম গ্যাস পাচ্ছেন না, অন্যদিকে এলপিজি সংকট ও দামের ঊর্ধ্বগতি তাদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। বহু পরিবার বাধ্য হয়ে মাটির চুলা বা ইলেকট্রিক চুলার ওপর নির্ভর করছেন।
বর্তমানে বাসাবাড়িতে ব্যবহৃত দুই চুলার পাইপলাইন গ্যাসের মাসিক বিল ১ হাজার ৮০ টাকা। সরকারি হিসেবে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা। তবে বাস্তবে তা কিনতে হচ্ছে অন্তত ২ হাজার ২০০ টাকায়। একদিকে পাইপলাইন গ্যাসের ঘাটতি, অন্যদিকে এলপিজির বাড়তি দাম গ্রাহকদের দিশাহারা করে তুলেছে।
দেশের বাজারে চাহিদার অর্ধেকও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মিলছে না। তীব্র সংকটের পাশাপাশি থামছে না দাম নিয়ে নৈরাজ্য। খাতসংশ্লিষ্টদের মতে, ঋণপত্র (এলসি) খোলার জটিলতায় কয়েকটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে। আবার কিছু কোম্পানি আমদানি বাড়াতে চাইলেও সময়মতো সরকারি অনুমতি না পাওয়ায় তৈরি হয়েছে নজিরবিহীন এই সংকট।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এলপিজি সিলিন্ডার বিক্রেতাদের অনেক দোকানেই ঝুলছে-‘এলপি গ্যাস নেই’ লেখা নোটিশ। গ্যাসের তীব্র সংকটের মধ্যেই বাজারে চলছে লাগামহীন দাম বাড়ানোর প্রবণতা। অনেক ক্ষেত্রে সরকারি নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে গ্যাস কিনতে হচ্ছে ভোক্তাদের। তাও সব জায়গায় মিলছে না।
মিরপুর এলাকার বেসরকারি চাকরিজীবী খালেদ আহমেদ বলেন, পাইপলাইনের গ্যাস সারাবছরই পর্যাপ্ত পাওয়া যায় না, শীতে তো একেবারেই থাকে না। অথচ নিয়মিত বিল দিতে হচ্ছে। মাঝরাতে কিছুটা গ্যাস এলে তখনই রান্নার কাজ সেরে নিতে হয়। সেটাও যথেষ্ট নয়। বাধ্য হয়ে মাটির চুলা তৈরি করে তাতে রান্না করতে হচ্ছে।
তবে ঢাকার অধিকাংশ বহুতল ভবনে মাটির চুলা ব্যবহার করার সুযোগ নেই। ফলে অনেকেই বিকল্প হিসেবে ইলেকট্রিক বা ইন্ডাকশন চুলার দিকে ঝুঁকছেন। কোম্পানি ও মানভেদে বর্তমানে এসব চুলার দাম ৪ হাজার থেকে ৮ হাজার টাকার মধ্যে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, গ্যাস সংকট বাড়ায় ইন্ডাকশন চুলার বিক্রি কয়েক গুণ বেড়েছে।
ডিসেম্বরের মাঝামাঝি থেকেই দেশজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) মিলছে না। সে সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি সিলিন্ডারের দাম ১,২৫৩ টাকা নির্ধারণ করলেও বাজারে তা বিক্রি হতে থাকে ১,৮০০ টাকায়। জানুয়ারিতে সংকট আরও তীব্র হয়েছে। বর্তমানে সরকারিভাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩০৬ টাকা হলেও বাস্তবে তা বিক্রি হচ্ছে ২,২০০ টাকায়।
এলপিজি সংকটের প্রধান কারণ হিসেবে খাত সংশ্লিষ্টরা উল্লেখ করছেন, ২০ নভেম্বর যুক্তরাষ্ট্র কর্তৃক আন্তর্জাতিক জাহাজগুলোর ওপর জ্বালানি সরবরাহ নিষেধাজ্ঞা আর দেশীয় পর্যায়ে এলসি খোলার জটিলতা। আমদানি বৃদ্ধির অনুমতি না পাওয়া ও বড় এলপিজি কোম্পানিগুলো ব্যবসা কমিয়ে দেওয়াও সংকট সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ কারণ।
এলপিজি ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী, দেশে বাজারে ৫ কোটি ৫০ লাখের মতো সিলিন্ডার থাকা সত্ত্বেও বর্তমানে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারই রিফিল হচ্ছে। বড় এলপিজি কোম্পানিগুলোর আমদানি বন্ধ থাকার কারণে ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না।
এলপিজি অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সহ-সভাপতি হুমায়ুন রশিদ গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিকভাবে এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটায় এই সংকট তৈরি হয়েছে। এলসি খোলা থাকলেও জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় পণ্য আসতে পারছে না। এ ছাড়া বর্তমানে ইউরোপেও এলপিজির চাহিদা অনেকটা বেড়ে গেছে। ফলে সার্বিকভাবে বাংলাদেশেও তার প্রভাব পড়েছে।
রাজধানী ও আশপাশের এলাকায় সরকারি গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, চাহিদা অনুযায়ী তাদের দৈনিক প্রয়োজন ২,১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস, কিন্তু তারা পাচ্ছে মাত্র ১,৫০০ মিলিয়ন ঘনফুট।
তিতাসের মূল সরবরাহদাতা পেট্রোবাংলার তথ্যেও সংকটের চিত্র স্পষ্ট। তিন মাস আগে পেট্রোবাংলা দৈনিক ২,৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করলেও চলতি মাসে তা কমে এসেছে ২,৫০০ মিলিয়ন ঘনফুটে। এর মধ্যে ৮৩২ মিলিয়ন ঘনফুট এলএনজি থেকে সরবরাহ করা হচ্ছে। দেশে অবস্থিত এলএনজি টার্মিনালের সর্বোচ্চ সক্ষমতা ১,০০০ মিলিয়ন ঘনফুটের বেশি নয়। বাকি গ্যাস আসে দেশীয় খনি থেকে, তবে তার সরবরাহ ক্রমান্বয়েই কমছে। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত দেশীয় কূপ থেকে সরবরাহ কমেছে ৪০ মিলিয়ন ঘনফুট।
খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় কূপ থেকে সরবরাহ কমে যাওয়ায় এবং এলএনজি সরবরাহ বাড়ানোর আর কোনও উপায় না থাকায় সংকট তৈরি হয়েছে। শীত মৌসুমে স্বাভাবিকভাবেই চাহিদা বেড়ে যায়, কিন্তু সরবরাহে ঘাটতি থাকায় সংকট আরও বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, দেশের প্রাকৃতিক গ্যাসের এই সংকট একদিনে তৈরি হয়নি। বিগত সরকার গ্যাসকূপ অনুসন্ধান ও খননে যথেষ্ট বিনিয়োগ না করে সরবরাহ নিশ্চিত করতে আমদানির ওপর নির্ভর করেছিল। আমদানির ওপর নির্ভরতার কারণে জ্বালানি পণ্যের দাম বারবার বৃদ্ধি পেয়েছে এবং সার্বিকভাবে জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর সমাধান না নেওয়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, সরকার জানে যে দেশে গ্যাসের তীব্র সংকট রয়েছে। ফলে এলপিজির চাহিদা বাড়া স্বাভাবিক। নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের এই সংকট মোকাবিলার জন্য যথাযথ পরিকল্পনা থাকা উচিত ছিল। এলপিজির স্টোরেজ তৈরি করা সহজ, সরকার চাইলে এটি করতে পারত, কারণ তারা আগেই জানত যে সংকট তৈরি হবে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সম্প্রতি তুরাগ নদীর নিচের পাইপলাইন ক্ষতিগ্রস্ত এবং গণভবনের সামনে গ্যাস লাইনের ভালভ ফেটে যাওয়ায় রাজধানীর গ্যাসের চাপ কমে সংকট দেখা দিয়েছিল। তবে দুর্ঘটনার বাইরে আরও কিছু কারণ রয়েছে। আমাদের গ্যাসকূপ থেকে উৎপাদন কমে গেছে। শীতকালে পাইপলাইনে জমে যাওয়ার কারণে চাপ কমে যায়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ অনেক বেড়ে গেছে। এসব সংযোগ না থাকলে বৈধ গ্রাহকরা গ্যাস পেত।
সংকটের প্রভাব পড়েছে শুধু বাসা-বাড়ির রান্নাবান্নায় নয়, এলপিজি বা অটোগ্যাসনির্ভর পরিবহন খাতেও। কোথাও অটোগ্যাস স্টেশন বন্ধ, আবার কোথাও দীর্ঘ যানজট তৈরি হয়েছে গ্যাস নেয়ার জন্য। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও গ্যাস পাচ্ছেন না।
অটোগ্যাস ব্যবহারকারীরা জানান, দাম বাড়ার পর থেকেই এই সংকট চলছে। কোনো স্টেশনে গেলে লাইন দিয়ে আটকে রাখা হচ্ছে, আবার অনেক জায়গায় জানিয়ে দেয়া হচ্ছে-গ্যাস নেই, স্টেশন বন্ধ।
তবে তীব্র এই সংকটের প্রেক্ষাপটে সরকারের নীতিগত কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। তাদের আশা, এসব সিদ্ধান্ত কার্যকর হলে আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
Posted ০৩:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com