বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চাঁদাবাজি বন্ধ করা হবে নবগঠিত সরকারের প্রথম কাজ: ডিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১০৩ বার পঠিত

চাঁদাবাজি বন্ধ করা হবে নবগঠিত সরকারের প্রথম কাজ: ডিসিসিআই সভাপতি

আওয়ামীলীগ সরকার পতনের পর চাঁদাবাজি আরও বেড়ে গিয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার তা কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে চাঁদাবাদী বন্ধ করা, না হলে আমরা ব্যবসা বন্ধ করে দিব- এমন মন্তব্য করেছেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। আজ রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর উদ্যোগে ‘বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের নিকট ডিসিসিআই’র প্রত্যাশা’ শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাসকীন আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, উচ্চ সুদের হার, ব্যাংকিং খাতে তারল্য সংকট, খেলাপি ঋণের চাপ এবং ঋণ শ্রেণিকরণের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত শিল্পখাতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের ১৬-১৭ শতাংশ সুদে ঋণ নিতে বাধ্য হতে হচ্ছে যা বিনিয়োগ নিরুৎসাহিত করছে এবং উৎপাদন কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলছে। একইসঙ্গে শিল্পকারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়া এবং নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় বাজার ও রপ্তানি খাতে।

তিনি আরও বলেন, শিল্পনীতি ও অর্থনৈতিক নীতিমালায় ধারাবাহিকতার অভাব, দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষভাবে চাঁদাবাজির বিস্তার দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। এতে করে ব্যবসা পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং বিনিয়োগ প্রবাহ ব্যাহত হচ্ছে।

রাজস্ব ব্যবস্থাপনার বিষয়ে তিনি উল্লেখ করেন, পূর্ণাঙ্গ অটোমেশন না থাকায় কর প্রদানে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অহেতুক হয়রানির শিকার হতে হচ্ছে, একইসঙ্গে করের আওতার বাইরে থাকা বৃহৎ জনগোষ্ঠীর কারণে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে ব্যর্থ হচ্ছে। ফলে রাজস্ব আহরণ প্রক্রিয়া ধীরগতির হয়ে পড়েছে। অন্যদিকে লজিস্টিক খাতে ব্যয় বৃদ্ধি, জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রতা, জমির উচ্চমূল্য এবং বন্দর ও পরিবহন সেবার মূল্যবৃদ্ধির কারণে ব্যবসা পরিচালনার মোট খরচ কয়েকগুণ বেড়ে গেছে। বিশেষভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর বিভিন্ন সেবার মূল্য বৃদ্ধির ফলে আমদানি-রপ্তানি ব্যয় বেড়ে গিয়ে মূল্যস্ফীতিতে সরাসরি প্রভাব পড়ছে।

এলডিসি উত্তরণ বিষয়ে তিনি বলেন, আঙ্কটার্ডের হিসাব অনুযায়ী এর ফলে বাংলাদেশের রপ্তানি ৫.৫-৭% হ্রাস পাওয়ার সম্ভবনা তৈরি হবে, যার পরিমাণ প্রায় ২.৭ বিলিয়ন মার্কিন ডলার। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও স্থানীয় অর্থনীতির বিদ্যমান অবস্থা বিবেচনার আমাদের রপ্তানিখাতের বড় ধরনের নেতিবাচক অগ্রগতি কোন ভাবেই কাম্য নয় বলে তিনি মত প্রকাশ করেন, সেই সাথে বিদ্যমান পরিস্থিতি বিবচেনায় বাংলাদেশের এলডিসি উত্তরণ কমপক্ষে তিন বছর পিছিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণের সরকারের প্রতি আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক চুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডিসিসিআই সভাপতি বলেন, এতে তৈরি পোশাক খাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হয়নি এবং এলএনজি ও অন্যান্য পণ্য আমদানিতে শর্ত আরোপের ফলে ব্যবসা পরিচালনা ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে চুক্তির শর্ত পুনঃআলোচনার মাধ্যমে সংশোধনের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তাসকীন আহমেদ দেশে চাঁদাবাজি নিরসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নবনির্বাচিত সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, দেশে বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ বেকার থাকায় সামাজিক ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপ সহজীকরণ এবং সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার জন্য সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। চাঁদাবাজি কারা করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা সরকারকেই খুঁজে বের করতে হবে। আপনারা সাংবাদিকরাও খবর রাখেন, আমার মুখ থেকেই কেন বের করতে চাচ্ছেন?’ দেশকে সুন্দর করে গড়ে তুলতে হলে সবারই এক হয়ে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ০৫:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com