নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ এপ্রিল ২০২৬ প্রিন্ট ১৭৫ বার পঠিত
দেশে রাজস্ব আদায় বাড়াতে চলতি বছরের জুনের মধ্যেই সব ব্যাংককে ‘বাংলা কিউআর’ অ্যাপস চালুর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ব্যাংকে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকিং খাতের প্রধান অগ্রাধিকার হচ্ছে সংস্কার ও সুশাসন নিশ্চিত করা। অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে এই খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তবে এখন থেকে এ ধরনের প্রভাব আর সহ্য করা হবে না বলে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন।
খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনতে ব্যাংকগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, নতুন প্রকল্পে অর্থায়নের আগে সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব গভীরভাবে যাচাই করতে হবে। যথাযথ মূল্যায়ন ছাড়া কোনো ঋণ অনুমোদন না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বাংলা কিউআর ব্যবস্থার প্রসঙ্গে গভর্নর আশাবাদ ব্যক্ত করেন যে, এর বিস্তৃত ব্যবহার নগদ লেনদেন কমাতে সহায়ক হবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্টের স্বচ্ছতা বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
‘বাংলা কিউআর’ হলো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি জাতীয় মানের কিউআর কোড ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা নিজেদের স্মার্টফোনের ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে সহজে সরাসরি অর্থ পরিশোধ করতে পারেন। এটি নিরাপদ, দ্রুত এবং স্পর্শবিহীন লেনদেন নিশ্চিত করে, ফলে গ্রাহকদের ভোগান্তিও কমে আসে।
Posted ০৮:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com