|

Advertisement
×

খেলাপি ঋণ আদায়ে ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৩ বার পঠিত

খেলাপি ঋণ আদায়ে ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। মধ্যস্থতার মাধ্যমে ঋণদাতা ব্যাংক ও ঋণগ্রহীতার বিরোধ নিষ্পত্তি করে ঋণ আদায়ের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৯ নভেম্বর) বিআরপিডি-২ সার্কুলার লেটার নং-১৯-এর মাধ্যমে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়।

তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার (বিআইএসি), হুধুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড এবং সিটিজেনস অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন হাউস।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত ২০ আগস্ট বিআরপিডি-২ সার্কুলার নং-৪-এর মাধ্যমে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ জারি করা হয়। এর আওতায় গত ৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। মোট ২৩টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই ও নির্ধারিত যোগ্যতা মূল্যায়নের পর পাঁচটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে তালিকাভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিবাদমান পক্ষ এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হবে। মধ্যস্থতাকারী, ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা যাবে।

মামলা দায়েরের আগে এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় মামলা চলমান থাকলেও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকবে। এতে আদালতনির্ভর দীর্ঘ প্রক্রিয়া কমিয়ে ঋণ আদায় সহজ ও দ্রুত করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

এডিআর কার্যক্রম আরও সম্প্রসারণ এবং নতুন যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করতে শিগগিরই দ্বিতীয় পর্যায়ে তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগকে ঋণ আদায় কার্যক্রমে বিকল্প ও কার্যকর পদ্ধতি চালুর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মধ্যস্থতার মাধ্যমে ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে সমঝোতা বাড়লে ঋণ আদায় ত্বরান্বিত হওয়ার পাশাপাশি আদালতের ওপর মামলার চাপ কমতে পারে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১৭ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com