বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভা

ব্যবসা-বাণিজ্যের খরচ কমিয়ে আনা ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’ বাস্তবায়নের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ২৩ বার পঠিত

ব্যবসা-বাণিজ্যের খরচ কমিয়ে আনা ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’ বাস্তবায়নের প্রতিশ্রুতি

দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবসা পরিচালনার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে আসন্ন জাতীয় বাজেটে ব্যবসায়ী সমাজের প্রত্যাশা প্রতিফলিত করার আশ্বাসও দেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত পরামর্শক কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

অর্থমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ব্যবসা পরিচালনায় কোথায় জটিলতা বা প্রতিবন্ধকতা রয়েছে তা আগামী তিন মাসের মধ্যে জানাতে হবে। ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নেবে এবং করসংক্রান্ত বিষয়ে বেসরকারি খাতের যৌক্তিক প্রত্যাশা পূরণে কাজ করবে।

তিনি জানান, তৈরি পোশাক শিল্পের মতো সম্ভাবনাময় অন্যান্য রপ্তানিমুখী খাতকেও বন্ডেড ওয়্যারহাউজ, ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য উদ্যোক্তাদের কাছ থেকে সুস্পষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব আহ্বান করা হয়েছে।

অর্থনীতিকে আরও গতিশীল করতে বড় বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যেই সরকার বড় বাজেট প্রণয়ন করছে। আগামী দুই বছর অর্থনীতিকে এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং এরপর পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা জরুরি। তিনি ব্যাংকিং ও লজিস্টিক খাতে বিদ্যমান সমস্যার কথাও তুলে ধরে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের কাছ থেকে কার্যকর প্রস্তাবনার আহ্বান জানান।

এফবিসিসিআই-এর প্রশাসক মো. আবদুর রহিম খান স্বাগত বক্তব্যে কর-জিডিপি অনুপাত বাড়াতে করব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন এবং করজাল সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রপ্তানি উন্নয়নের স্বার্থে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) বৃদ্ধি এবং সব রপ্তানি খাতের জন্য তা উন্মুক্ত করার প্রস্তাব দেন।

সংগঠনটির পক্ষ থেকে আসন্ন বাজেটের জন্য একাধিক সুপারিশও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা নির্ধারণ, করপোরেট কর কমানো, আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ধাপে ধাপে হ্রাস, উৎসে করের হার যৌক্তিক করা, কাঁচামাল ও যন্ত্রপাতির ওপর কর কমানো এবং টার্নওভারের ওপর ন্যূনতম কর ধীরে ধীরে প্রত্যাহার করা। এছাড়া স্থানীয় পর্যায়ে মূসকের হার ২ শতাংশ নির্ধারণ, শিল্পে ব্যবহৃত আমদানিকৃত যন্ত্রপাতি ও কাঁচামালের ওপর শুল্ক কমানো এবং ঢাকা ও চট্টগ্রামে পৃথক বৃহৎ ও মাঝারি করদাতা ইউনিট স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়।

উন্মুক্ত আলোচনায় বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা ব্যবসা খাতের বিদ্যমান সমস্যা ও সংকট তুলে ধরেন। তাদের প্রস্তাব ও সুপারিশ বিবেচনায় নিয়ে আগামী জাতীয় বাজেট প্রণয়ন করা হবে বলে আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

সভায় এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মাহবুবুর রহমান ও মীর নাসির হোসেনসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ০৭:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com