Ad
x
৭০% শেয়ার মালিকের কথা বলার সুযোগ নেই

এনটিসির চেয়ারম্যানের নানা বিতর্কিত কর্মকান্ডে বিনিয়োগকারীদের ক্ষোভ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬   প্রিন্ট   ১৯৭ বার পঠিত

এনটিসির চেয়ারম্যানের নানা বিতর্কিত কর্মকান্ডে বিনিয়োগকারীদের ক্ষোভ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড-এর সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। কোম্পানির চেয়ারম্যান মামুন রশীদের কাছে পাঠানো এক লিখিত আবেদনে তারা কোম্পানির বর্তমান অবস্থা, আর্থিক অনিশ্চয়তা এবং পরিচালনা পর্ষদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তুলে ধরে দ্রুত সাক্ষাতের দাবি জানিয়েছেন।

বিনিয়োগকারীদের অভিযোগ, ২০২৪ সাল থেকে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। ফলে ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ ঘোষণা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাদের দাবি, একসময় ৮০০ টাকায় কেনা কোম্পানির শেয়ার বর্তমানে নেমে এসেছে ১৫৪ টাকায়, যা বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্লেসমেন্ট শেয়ার বিক্রির অর্থ হিসেবে পদ্মা ব্যাংকে জমা থাকা কোম্পানির ২০ কোটি টাকা উদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

বিনিয়োগকারীদের অভিযোগ, কোম্পানিতে তাদের প্রায় ৭০ শতাংশ মালিকানা থাকলেও সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতের প্রতিফলন নেই। এমনকি বোর্ডে থাকা শেয়ারহোল্ডার পরিচালকদের মতামতও যথাযথ গুরুত্ব পাচ্ছে না বলে দাবি করা হয়েছে। সাধারণ শেয়ারহোল্ডারদের ধারণা ছিল প্লেসমেন্ট শেয়ার ইস্যু করার পর কোম্পানির শেয়ারমূল্য আরও বৃদ্ধি পাবে, কিন্তু তা হয়নি। একজন স্বতন্ত্র পরিচালক হিসাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও ক্ষতিপূরণের জন্য কোন পদক্ষেপই তিনি পারেননি বলে বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন। চেয়ারম্যান মামুন রশীদ একজন পেশাদার ব্যাংকার হওয়া সত্ত্বেও বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কোম্পানির গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছেন।

চিঠিতে নিয়োগ নীতিতেও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ করা হয়েছে, কোম্পানির অভ্যন্তরে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে বাইরে থেকে নিয়োগ দেওয়ায় কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। অতীতে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সিদ্ধান্তে কোম্পানির বড় ধরনের আর্থিক ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া কোম্পানির দুর্বল আর্থিক অবস্থার মধ্যেও চেয়ারম্যান মামুন রশীদ ও পরিচালকদের সম্মানী বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান মামুন রশিদের বিরুদ্ধে স্বতন্ত্র পরিচালক হয়েও প্রস্তাবিত শেয়ার ইস্যুতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, রেকর্ড ডেটে শেয়ারধারী না থাকা সত্ত্বেও তিনি ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়ে এবং বাজারমূল্যের তুলনায় কম দামে শেয়ার বরাদ্দ নিতে আগ্রহ দেখিয়েছিলেন, যা নিয়ম লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় কোম্পানির সুনাম ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে যার দায় চেয়ারম্যান মামুন রশীদ এড়াতে পারেন না বলে মনে করেন বিনিয়োগকারীরা।

এছাড়া কোম্পানির আর্টিকেল ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা উপেক্ষা করে পরিচালনা পর্ষদ বোর্ড মিটিং ফি দ্বিগুণ করেছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান মামুন রশিদ নিজের মাসিক সম্মানী কয়েকগুণ বাড়িয়ে নির্ধারণ করেছেন বলেও জানা গেছে, যা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

সার্বিক বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য মামুন রশীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ০৮:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com