|

Advertisement
×

তিন দফা দাবি পূরণ না হওয়ার,সকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৮৩ বার পঠিত

তিন দফা দাবি পূরণ না হওয়ার,সকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা

সাজেক: প্রশাসনের দেওয়া আশ্বাস অনুযায়ী তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠন দুটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এ ঘোষণা দেন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটন এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুর্গাপূজা উদ্‌যাপনের প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইছড়ি ও মাচালং বাজারের পূজা উদ্‌যাপন কমিটির অনুরোধে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। তবে এ সময়ের মধ্যেও দাবিগুলো পূরণ না হওয়ায় পুনরায় অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর প্রথমবারের মতো অবরোধ কর্মসূচি শুরু করে সংগঠন দুটি। ওই দিন বাঘাইছড়ি জোনের উপ-অধিনায়ক মো. সালমান ও প্রশাসনের প্রতিনিধিরা আন্দোলনকারীদের তিন দফা দাবি পূরণের আশ্বাস দেন। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা-সমর্থিত অংশের সশস্ত্র সদস্যদের ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক থেকে সরিয়ে নেওয়া।

আশ্বাসের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে অবরোধ স্থগিত করা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে ১৫ অক্টোবর আবারও কর্মসূচি শুরু করা হয়। পরে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত তা স্থগিত রাখা হয়।

সর্বশেষ বিবৃতিতে সংগঠন দুটি অভিযোগ করেছে, জেএসএসের সন্তু লারমা-সমর্থিত অংশের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানে রয়েছেন। তাদের দাবি, স্থানীয় শতাধিক বাসিন্দাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে এবং অনেকে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

এ ছাড়া গ্রামবাসীর মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং নিরাপত্তাহীনতার কারণে জুমচাষিদের নিজেদের জমিতে গিয়ে হলুদ ও ঝাড়ুর বাগান পরিষ্কার করতে না পারার অভিযোগও তুলেছে সংগঠন দুটি।

বিবৃতিতে আরও দাবি করা হয়, সেনাবাহিনীর অভিযানেও কার্যকর ফল পাওয়া যায়নি। বরং সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো স্থানীয় বাসিন্দারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে তারা।

সংগঠন দুটির নেতারা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত সশস্ত্র সদস্যদের তাঁদের অবস্থান থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

তবে অবরোধের আওতামুক্ত থাকবে কয়েক ধরনের জরুরি যানবাহন। এর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ পরিবহনকারী যানবাহন, সংবাদপত্র পরিবহনের গাড়ি এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের বহনকারী যানবাহন।

সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের এ অবরোধের ফলে পর্যটকদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিবৃতিতে উত্থাপিত অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:১৪ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com