শনিবার ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

প্রাক-বাজেট আলোচনায় এফবিসিসিআই: রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়াতে গুচ্ছ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   প্রিন্ট   ৩ বার পঠিত

প্রাক-বাজেট আলোচনায় এফবিসিসিআই: রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়াতে গুচ্ছ প্রস্তাব

আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে নীতিগত ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। আসন্ন জাতীয় বাজেটের জন্য সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোর সঙ্গে এই আলোচনা সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মোঃ আবদুর রহিম খান। আলোচনায় ব্যবসায়ী নেতারা দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বাজেটে বিভিন্ন নীতিগত পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন।

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সুদের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিস কার্যকরভাবে বাস্তবায়ন, বন্দর ও লজিস্টিকস ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়ন, সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ স্থাপন এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে আইন প্রণয়নেরও প্রস্তাব দেওয়া হয়েছে।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা কর-জিডিপি অনুপাত বাড়াতে করের আওতা সম্প্রসারণের ওপর জোর দেন। তারা করনীতি ও কর ব্যবস্থাপনায় অটোমেশন ও সমন্বিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ড-এর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

সভায় এফবিসিসিআই প্রশাসক মোঃ আবদুর রহিম খান বলেন, সরকার দেশের কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে রাজস্ব আয় বাড়ানোর অর্থ এই নয় যে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি করা হবে। বরং নতুন করদাতা যুক্ত করে করের আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করা হবে।

তিনি আরও জানান, বেসরকারি খাত থেকে উঠে আসা যৌক্তিক প্রস্তাবগুলো এফবিসিসিআই জাতীয় রাজস্ব বোর্ডের ৪৬তম পরামর্শক কমিটির সভায় উপস্থাপন করবে।

এর আগে স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের মহাসচিব মোঃ আলমগীর বলেন, আগামী অর্থবছরের বাজেট এমন এক সময়ে প্রণয়ন করা হচ্ছে যখন বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল, জ্বালানি বাজার অস্থির এবং বিনিয়োগ পরিস্থিতি অনিশ্চিত। এই প্রেক্ষাপটে নতুন সরকারের জন্য এবারের বাজেট প্রণয়ন একটি বড় চ্যালেঞ্জ হবে।

তিনি ব্যবসায়ী সমাজকে বাস্তবসম্মত ও যৌক্তিক প্রস্তাবনার মাধ্যমে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের বাজেট বিশেষজ্ঞ কমিটির সদস্য ও জাতীয় রাজস্ব বোর্ড-এর সাবেক সদস্য মোঃ ফরিদ উদ্দিন ও আমিনুর রহমান। এছাড়া সংগঠনটির সাবেক পরিচালক, বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং এফবিসিসিআইয়ের কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।

Facebook Comments Box

Posted` ৫:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com