নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ প্রিন্ট ৩১ বার পঠিত
বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল প্রায় চারটার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ রাখা হয়েছে। বাকি নয়জনের মরদেহ নেওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ। আহতদেরও ওই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।
কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান জানান, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং মাইক্রোবাসটি মোংলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলাইব্রিজ এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং কয়েকজন আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা আরও একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Posted ০৭:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com