বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | প্রিন্ট | 513 বার পঠিত

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করা যাবে বিকাশে। খুব শিগগিরই মাসিক ডিপিএস সঞ্চয় স্কিমের কিস্তিও বিকাশের মাধ্যমে জমা দেওয়ার সেবা চালু হবে।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিকাশ দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান। আর আইপিডিসি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান।
বিকাশের প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠান হয়। বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং আইপিডিসি’র চিফ ফিনান্সিয়াল অফিসার (ভারপ্রাপ্ত) ফাহমিদা খান চুক্তিতে সই করেন।
এ সময় বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় আইপিডিসির ‘রিটেল ফিন্যান্সিং’ ঋণ ও বই কেনার ঋণ ‘সুবোধ’ এর কিস্তি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন গ্রাহক।
দেশের যেকোন স্থান থেকে যেকোন সময় খুব সহজে, নিরাপদে বিকাশ দিয়ে ঋণের কিস্তি পরিশোধের সুযোগ, গ্রাহকের যথাযথ সময়ে কিস্তি পরিশোধ নিশ্চিত করবে।
বিকাশের মাধ্যমে ঋণ পরিশোধে ১.৫ শতাংশ ‘কনভিনিয়েন্স ফি’ প্রযোজ্য হবে।
কিস্তি পরিশোধ করতে বিকাশ অ্যাপের ‘পে বিল’ অপশন থেকে ‘আইপিডিসি ফিন্যান্স লিমিটেড’ নির্বাচন করে সহজ কয়েকটি ক্লিকেই কিস্তির টাকা জমা দিতে পারবেন গ্রাহক।*২৪৭# এর মাধ্যমেও ঋণ পরিশোধের সুযোগ রয়েছে।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed


