Ad
x

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন, করদাতারা হয়রানির ঝুঁকিতে: এমসিসিআই

বুধবার, ১৭ জুন ২০২৬   প্রিন্ট   ১০০ বার পঠিত

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন, করদাতারা হয়রানির ঝুঁকিতে: এমসিসিআই

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নির্ধারিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত কঠিন হবে বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের চাপ শেষ পর্যন্ত মাঠপর্যায়ে করদাতাদের ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করতে পারে এবং হয়রানির ঘটনাও বাড়তে পারে।

বুধবার রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এমসিসিআই ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া বক্তব্য দেন পিআরআইয়ের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার এবং এমসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম।

স্বাগত বক্তব্যে কামরান টি রহমান বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। স্বাভাবিকভাবেই এটি ব্যবসায়ী, বিনিয়োগকারী, গবেষক, উন্নয়ন সহযোগী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

তিনি বলেন, বাজেটে কর প্রশাসনের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন, ব্যবসা সহজীকরণ এবং রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কারের মতো বেশ কিছু ইতিবাচক উদ্যোগ রয়েছে। তবে একই সঙ্গে রাজস্ব আহরণের উচ্চ লক্ষ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলে যৌক্তিক উদ্বেগও রয়েছে।

এমসিসিআই সভাপতি মনে করেন, বাজেটটি সময়োপযোগী হলেও এর বাস্তবায়ন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি উল্লেখ করেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র ৬৫ শতাংশ অর্জন করতে পেরেছে, যার পরিমাণ প্রায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা। এই বাস্তবতায় বড় ধরনের কাঠামোগত সংস্কার ছাড়া আগামী অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে।

তিনি আরও বলেন, নতুন অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ দশমিক ২ শতাংশের বেশি প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। কিন্তু রাজস্ব প্রশাসনে কার্যকর সংস্কার এবং করভিত্তি সম্প্রসারণ ছাড়া এ লক্ষ্য অর্জন বাস্তবসম্মত হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

কামরান টি রহমান বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের জন্য যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, তাহলে প্রকৃত করদাতারা প্রশাসনিক জটিলতা ও হয়রানির মুখে পড়তে পারেন। তাই রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি করব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং করদাতাবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংলাপে অংশগ্রহণকারীরা বাজেট বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি, কর প্রশাসনের আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

Posted ০৭:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com