নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৩৪ বার পঠিত
শেয়ারবাজারে কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ তৈরি করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের ১০২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের জন্য পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ারের একটি নির্দিষ্ট অংশের মাধ্যমে কোনো কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে।
বিধিমালায় সরাসরি তালিকাভুক্তির জন্য বিভিন্ন যোগ্যতা ও শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি মালিকানাধীন কোম্পানি, পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ সরকারি মালিকানাধীন কোম্পানি, বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি এবং পরিশোধিত মূলধন কমপক্ষে ৩০০ কোটি টাকা—এমন কোম্পানি।এ ছাড়া বিটিআরসি অনুমোদিত টেলিযোগাযোগ ও আইসিটি-সংশ্লিষ্ট সেবা প্রদানকারী বা আইসিটি অবকাঠামো ও উৎপাদনকারী কোম্পানি এ সুবিধার আওতায় আসতে পারে। পাশাপাশি কমপক্ষে ৩ বছরের কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানিও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে।
প্রস্তাবিত নিয়মে কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদসম্পন্ন কোম্পানিকেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
তবে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও সেন্ট্রাল কাউন্টারপার্টি নির্ধারিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে।বিএসইসির এই উদ্যোগ কার্যকর হলে যোগ্য কোম্পানিগুলোর জন্য প্রচলিত আইপিও প্রক্রিয়ার বাইরে গিয়ে শেয়ারবাজারে প্রবেশের নতুন পথ তৈরি হবে।
Posted ০৯:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com