নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
দেশে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। উচ্চমূল্যের কারণে দরিদ্র, নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের অনেক পরিবারের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের প্রাণিজ আমিষ গ্রহণ ও পুষ্টি নিশ্চিত করা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
আইনি নোটিশে আন্তর্জাতিক বাণিজ্যের ‘তুলনামূলক সুবিধা তত্ত্ব’ তুলে ধরে বলা হয়েছে, যেসব পণ্য দেশে উৎপাদনে ব্যয় বেশি, সেগুলো আমদানির সুযোগ দিলে ভোক্তারা কম দামে পণ্য পেতে পারেন। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে উন্নত দেশগুলোর তৈরি পোশাক আমদানির উদাহরণও দেওয়া হয়েছে।
নোটিশে সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদে খাদ্যসহ মৌলিক চাহিদা পূরণ এবং ১৮(১) অনুচ্ছেদে জনগণের পুষ্টির স্তর ও জনস্বাস্থ্যের উন্নয়নের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকারের প্রসঙ্গ তুলে ধরে সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়েছে, আমদানিতে নিষেধাজ্ঞার কারণে দেশীয় বাজারে প্রতিযোগিতা সীমিত হচ্ছে এবং কিছু খামারি ও পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের একচেটিয়া মুনাফার সুযোগ তৈরি হচ্ছে।
এতে আগামী ১৫ দিনের মধ্যে জীবিত গরু এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সনদপ্রাপ্ত হালাল হিমায়িত বা শীতলীকৃত মাংস আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, শুল্ক যৌক্তিকীকরণ এবং গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে আমদানি উন্মুক্ত করা ও শুল্ক সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত দামে মাংস বিক্রি নিশ্চিত করা সম্ভব হবে কি না, তা নির্ভর করবে আমদানি ব্যয়, সরবরাহব্যবস্থা, বাজার প্রতিযোগিতা এবং সরকারের নীতিগত পদক্ষেপের ওপর।
Posted ০৬:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com