শ্যামল রুদ্র, খাগড়াছড়ি প্রতিনিধি
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ প্রিন্ট ২৮ বার পঠিত
‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে গুইমারা থানার উদ্যোগে জালিয়াপাড়া বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া র্যালিটি জালিয়াপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, ধর্মীয় নেতা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকেরা অংশ নেন।
র্যালিতে অংশ নেওয়া ব্যক্তিরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
র্যালি শেষে জালিয়াপাড়া বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, মাদকের বিস্তার ঠেকাতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, গুইমারা উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা গোপন না করে দ্রুত গুইমারা থানা-পুলিশকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপংকর মন্ডল, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন মাস্টার, হাফছড়ি ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বৌদ্ধ বিহারের ভিক্ষু, জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সংবাদকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
Posted ০৭:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com