Ad
x
ব্যাংক সংস্কার কমিটি গঠনের উদ্যোগ

গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন হওয়া প্রয়োজন

মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৫৭ বার পঠিত

গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন হওয়া প্রয়োজন

আদালতের নির্দেশে ব্যাংকিংখাতের অনিয়ম, দুর্নীতি ও দুর্বলতা খুঁজতে ৯ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কমিটি সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর ঋণ অনুমোদন ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম, আদায় পদ্ধতিতে দুর্বলতা খুঁজে বের করবে। একটি রিটের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে হাইকোর্ট এ কমিটি গঠনের আদেশ দেন। প্রায় ২১ বছর পর ব্যাংকিংখাত সংস্কারে এই কমিটি গঠন করা হচ্ছে।

নতুন কমিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নিয়োগের প্রক্রিয়া, ব্যাংক ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো, ঝুঁকি ব্যবস্থাপনার মান উন্নয়নের বিষয় খতিয়ে দেখবে। এছাড়া তারা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালীকরণ, গ্রাহকসেবার মান বাড়ানো ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলোর জবাবদিহিতার বিষয়ও দেখবে। এগুলো নিয়ে কমিটি তাদের মতামত ও সুপারিশ দেবে। তাদের মত ও সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে আমলে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে ২০১৯ সালের নভেম্বরে এক রিটের বিপরীতে হাইকোর্ট ব্যাংকিংখাতে একটি কমিটি গঠনের আদেশ দেন। এর ভিত্তিতে গত বছরের ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যাংকিংখাতের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসেছে। এতে ব্যাংকিংখাতের অনিয়ম ও দুর্বলতা শনাক্ত করে সেগুলো প্রতিকারের বিষয়ে মতামত ও সুপারিশ করতে একটি ব্যাংকিংখাত-বিষয়ক কমিটি গঠনের কথা বলা হয়েছে। এ চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক আলোচ্য কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।

১৯৯৯ সালের ডিসেম্বর মাসে ব্যাংক সংস্কার কমিটি প্রতিবেদন দিয়েছিল। ওই কমিটির চেয়ারম্যান ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরপর আর কোনো সংস্কার কমিটি গঠন করা হয়নি। এরপর প্রায় ২১ বছর পার হয়ে গেছে। দীর্ঘদিন পর দেশে ব্যাংকিংখাত সংস্কারে আবার একটি নতুন কমিটি গঠন করা হচ্ছে। তাই কাজটি গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। বিষয়টি ব্যাংকিংখাতের জন্য খুবই জরুরি। এতে এ খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আমাদের ধারণা।

Facebook Comments Box

Posted ১১:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com