|

Advertisement
×
২০২৫ সালে ১৮১.৮০ কোটি টাকার দাবী পরিশোধ : অনুমোদিত সীমার কম ব্যবস্থাপনা খরচ ০.৩৩ শতাংশ

গ্রাহকের আস্থা ও টেকসই প্রবৃদ্ধির প্রতীক সন্ধানী লাইফ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২৬ বার পঠিত

গ্রাহকের আস্থা ও টেকসই প্রবৃদ্ধির প্রতীক সন্ধানী লাইফ

বাংলাদেশের বীমা খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং গ্রাহক আস্থার অন্যতম পথিকৃৎ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আর্থিক ব্যবস্থাপনা এবং প্রতিশ্রুতি রক্ষার অনন্য ধারাবাহিকতা বজায় রেখে কোম্পানিটি ২০২৫ সালে ব্যবসায়িক সাফল্যে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। আইডিআরএ-এর কঠোর দিকনির্দেশনা পরিপালন, অনুমোদিত সীমার চেয়ে কম ব্যবস্থাপনা খরচ এবং দক্ষ ফান্ড পরিচালনার মাধ্যমে এটি শুধু নিজেদের আর্থিক ভিতকেই শক্ত করেনি, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলেও বীমা খাতের ইতিবাচক ভাবমূর্তি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২৫ সাল শেষে ১৮১ কোটি ৮০ লাখ টাকার বেশি বীমা দাবি পরিশোধ, সরকারি খাতে সফল বিনিয়োগ এবং স্বনামধন্য ক্রেডিট রেটিং ‘এএ২’ ধরে রেখে সন্ধানী লাইফ প্রমাণ করেছে যে, দীর্ঘমেয়াদী আমানত সুরক্ষা ও সময় মতো সেবা প্রদানে তারা গ্রাহকের অন্যতম আস্থার প্রতীক।

সর্বশেষ হিসাব সমাপনী বছর ২০২৫ সালে সন্ধানী লাইফ মোট প্রিমিয়াম আয় করেছে ২৪৬ কোটি ৮১ লাখ টাকা। যা আগের বছর ২০২৪ সালে ছিল ২৪৪ কোটি ৪ লাখ টাকা। এই হিসাবে কোম্পানিটির মোট প্রিমিয়াম আয় বেড়েছে ১.১৪ শতাংশ। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদনে এই সাফল্যের চিত্র পাওয়া গেছে।

তথ্য অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটি ১ম বর্ষ প্রিমিয়াম ৫৩ কোটি ৪২ লাখ টাকা এবং গ্রুপ বীমা প্রিমিয়াম ২ কোটি ৪৮ লাখ টাকাসহ ৫৫ কোটি ৯০ লাখ টাকা সর্বমোট ১ম বর্ষ প্রিমিয়াম অর্জন করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে নবায়ন প্রিমিয়াম সংগ্রহে। ২০২৫ সালে নবায়ন প্রিমিয়াম অর্জিত হয়েছে ১৯০ কোটি ৯১ লাখ টাকা। আগের বছর ২০২৪ সালে নবায়ন প্রিমিয়াম ছিল ১৮১ কোটি ৪০ লাখ টাকা। নবায়ন প্রিমিয়াম বৃদ্ধির হার ৫.২৪ শতাংশ।

বার্ষিক প্রতিবেদনে উল্লেখিত তথ্য অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির লাইফ ফান্ড বেড়েছে ১৫ কোটি ৮১ লাখ টাকা বা ২.২৮ শতাংশ। বছর শেষে কোম্পানিটির মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭০৯ কোটি ৯৩ লাখ টাকা।
এর আগের বছর ২০২৪ সাল শেষে কোম্পানিটির মোট লাইফ ফান্ড ছিল ৬৯৪ কোটি ১২ লাখ টাকা। লাইফ ফান্ড হলো এমন একটি ফান্ড যেখানে জীবন বীমা কোম্পানিগুলো অর্থ জমা রাখে ও বিনিয়োগ করে। কোনো বীমা গ্রাহকের মৃত্যু হলে বা অন্য কোনো বীমা দাবী এই ফান্ড থেকে প্রদান করা হয়। যে কোম্পানির লাইফ ফান্ড যত সমৃদ্ধ সেই কোম্পানির গ্রাহক সুরক্ষার সক্ষমতা তত বেশি। সন্ধানী লাইফ তাদের লাইফ ফান্ড সমৃদ্ধ করে আর্থিক ভীতকে আরো মজবুত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সন্ধানী লাইফের মোট বিনিয়োগ রয়েছে ৭৫২ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি খাতে বিনিয়োগ রয়েছে ৩০৫ কোটি ৪৩ লাখ টাকা। মোট তহবিলের উপর সরকারী খাতে বিেিনায়োগের হার ৪৩.০২ শতাংশ। কোম্পানির মোট সম্পদ বেড়েছে ৩০ কোটি ৩৭ লাখ টাকা বা ৩.০৯ শতাংশ। ২০২৫ সাল শেষে মোট সম্পদ এর পরিমাণ দাঁড়িয়েছে ১০১৩ কোটি ৯৩ লাখ টাকা। আগের বছর যা ছিল ৯৮৩ কোটি ৫৬ লাখ টাকা। বর্তমানে সন্ধানী লাইফের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০৯ কোটি ৭০ লাখ টাকা।

সঠিক সময়ে দাবী পরিশোধ করে গ্রাহকের আস্থার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে সন্ধানী লাইফ। ২০২৫ সালে মৃত্যুদাবীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৮১ কোটি ৮৩ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে কোম্পানিটি। এরমধ্যে ৫ কোটি ৭৬ লাখ টাকা মৃত্যু দাবী ও ১৩৩ কোটি ৪৮ লাখ টাকা মেয়াদোত্তীর্ণ দাবী উল্লেখযোগ্য। দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবী নিষ্পত্তির মাধ্যমে সন্ধানী লাইফ মানুষের মনে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছে—বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে বীমার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে প্রধান ভূমিকা পালন করছে।

২০২৫ সালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএ২’ ধরে রাখা একটি গৌরবময় ও যুগান্তকারী অর্জন। ক্রেডিট রেটিংয়ে ‘এএ২’ গত তিন বছর ধারাবাকিভাবে ধরে রাখা, একটি সংখ্যা বা গ্রেড নয়; এটি প্রতিষ্ঠানের সুদৃঢ় আর্থিক ভিত, স্বচ্ছতা এবং আস্থার এক শক্ত প্রমাণ। যেকোনো বীমা প্রতিষ্ঠানের মূল শক্তি হলো গ্রাহকের আমানত ও সুরক্ষার দায়ভার সঠিকভাবে বহন করা। এই রেটিং স্পষ্টভাবে তুলে ধরে যে, কোম্পানির দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতা, সময়মতো দাবি পরিশোধের রেকর্ড এবং সামগ্রিক ব্যবস্থাপনা অত্যন্ত উচ্চমানের ও সুরক্ষিত।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।

আধুনিক প্রযুক্তির সংযোজন, সুদূরপ্রসারী বিনিয়োগ নীতি এবং দক্ষ নেতৃত্বের সমন্বয়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ দেশের পুঁজিবাজার ও বীমা খাতের এক নির্ভরযোগ্য নাম। গ্রাহকদের জীবন সুরক্ষার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য উপযুক্ত লভ্যাংশ নিশ্চিত করে কোম্পানিটি তাদের সুশাসন ও আর্থিক শৃঙ্খলার পরিচয় দিয়েছে। পরিচালনা পর্ষদের সুদূরপ্রসারী পরামর্শ ও সুযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তার অভিজ্ঞ নেতৃত্ব, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা এবং গ্রাহকদের অটুট সমর্থনের ওপর ভিত্তি করে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কেবল ব্যবসায়িক সাফল্যই উদযাপন করছে না, বরং একটি নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গঠনে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে সামনের দিকে। ক্রমবর্ধমান লাইফ ফান্ড ও সম্পদ বৃদ্ধির এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে, আগামী দিনগুলোতে সন্ধানী লাইফ দেশের সাধারণ মানুষের জন্য একটি সুরক্ষিত ও নিশ্চিন্ত ভবিষ্যৎ গঠনে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

 

Facebook Comments Box

Posted ০৭:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com