|

Advertisement
×

চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই এখন থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পাঠাতে পারবেন বাংলাদেশিরা। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। চিকিৎসার পাশাপাশি বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও অনুমোদন প্রক্রিয়া সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখার ক্ষেত্রেও নতুন শর্ত আরোপ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়মে এসব পরিবর্তনের কথা জানানো হয়।

সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য এডি ব্যাংকগুলো এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এর আগে এ সীমা ছিল ১৫ হাজার মার্কিন ডলার।

এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে। ফলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে আগের তুলনায় বেশি সুবিধা পাওয়া যাবে।

বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে স্কুল পর্যায়ে পড়াশোনার জন্য বিদেশে অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হতো।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পর্যায়ে পড়াশোনার জন্য এডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে ওই পর্যায়ে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করে নিতে হবে।

এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশ ভ্রমণ, চিকিৎসা, পড়াশোনাসহ বিভিন্ন খাতে ব্যক্তিগত পর্যায়ে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ সম্প্রসারিত হওয়ায় আরএফসিডি হিসাব পরিচালনার ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করা হয়েছে।

এখন বাংলাদেশে বসবাসকারী কোনো নাগরিক বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দেশে এনে তা আরএফসিডি হিসাবে জমা রাখতে চাইলে নির্ধারিত ফরম এফএমজেতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ওই বৈদেশিক মুদ্রার ঘোষণা দিতে হবে।

আরএফসিডি হিসাবের মাধ্যমে দেশে বসবাসকারী বাংলাদেশিরা নির্দিষ্ট শর্তে বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা ব্যাংকে জমা রাখতে পারেন। নতুন নির্দেশনার ফলে এ ধরনের হিসাব খোলার বা বৈদেশিক মুদ্রা জমার ক্ষেত্রে ঘোষণার বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সিদ্ধান্তগুলো কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপে বিদেশে চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ পাঠাতে আগের তুলনায় কম প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com