অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ প্রিন্ট ২২ বার পঠিত
দেশের যেকোনো বাণিজ্যিক ব্যাংকের অনুমোদিত শাখায় বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় হিসাব খুলতে পারবেন প্রবাসীরা।
বৃহস্পতিবার এক সার্কুলার দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘‘অনিবাসী বাংলাদেশিরা নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা হিসাব (এনআরসিটিএ) খোলার ও পরিচালনা করতে পারবে।’’
বর্তমানে শুধু অফশোর ব্যাংকিংয়ে এ সুবিধা রয়েছে। অনিবাসী বাংলাদেশিদের টাকা হিসাব পরিচালনার সুযোগ সম্প্রসারণে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক।
ফলে এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোও অনিবাসী বাংলাদেশিদের এসব হিসাব খুলতে ও পরিচালনা করতে পারবে।
নতুন ব্যবস্থায় এনআরসিটিএ সঞ্চয়ী, চলতি অথবা মেয়াদি আমানত হিসাব খোলা ও পরিচালনা করা যাবে। বৈদেশিক মুদ্রা দেশে এনে প্রচলিত বিনিময় হারে তা টাকায় রূপান্তর করে এসব হিসাবে জমা করা যাবে।
অনিবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে প্রাপ্ত রেমিট্যান্স, ব্যক্তিগত বিদেশি মুদ্রা হিসাব ও অনিবাসী বিদেশি মুদ্রা আমানত হিসাব থেকে স্থানান্তরিত অর্থ এবং অন্য এনআরসিটিএ থেকে স্থানান্তরিত অর্থ এসব হিসাবে জমা করতে পারবেন।
এ ছাড়া হিসাবের অর্থের ওপর অর্জিত সুদ ও মুনাফা, বৈধ বিনিয়োগ থেকে প্রত্যাবাসনযোগ্য অর্থ এবং নির্দিষ্ট ক্ষেত্রে ফেরত পাওয়া অর্থও এসব হিসাবে জমা করা সুযোগ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।
এনআরসিটিএ হিসাবে রাখা অর্থ স্থানীয় ব্যয় নির্বাহ, অন্য এনআরসিটিএ ও অনিবাসী টাকা হিসাবে স্থানান্তর, বাংলাদেশে বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রায় অর্থ প্রত্যাবাসন, অর্থাৎ ফেরত নেয়ার সুযোগ রয়েছে।
নতুন সিদ্ধান্তে ডিলার ব্যাংকগুলো এনআরসিটিএ হিসাবে জমা হওয়া অর্থ সাধারণ ব্যাংকিংয়ের মতো ঋণ দিতে পারবে।
এ ছাড়া অনিবাসী বাংলাদেশিরা বা তাদের মনোনীত ব্যক্তির জন্য এনআরসিটিএর আমানত বন্ধক রেখে ঋণ নিতে পারবে। আবাসিক সম্পত্তি কিনতে এ হিসাব থেকে ঋণ নিতে পারবেন অনিবাসীরা।
নতুন সিদ্ধান্তে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসার পরও হিসাবটি চালু রাখার সুযোগ দেওয়া হয়েছে। বিদেশে থাকা অবস্থায় হিসাবধারীরর মৃত্যু হলে মনোনীত প্রতিনিধি পুরো অর্থ পাবেন।
অনিবাসীরা বিদেশে থাকা অবস্থাতেই অনলাইনে এ হিসাব খুলতে পারবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Posted ০৮:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com